ভারতের বিপক্ষে সেঞ্চুরির পুরস্কার দেশে নেয়া নিয়ে দুশ্চিন্তায় হোপ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ম্যাচ সেরার পুরষ্কার হাতে শাই হোপ
ম্যাচ সেরার পুরষ্কার হাতে শাই হোপ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত সফরে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন শাই হোপ। একের পর এক ম্যাচে রান করার পাশাপাশি জিতছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সামনে এখন নতুন এক চিন্তা, এতগুলো পুরস্কার নিয়ে দেশে ফিরবেন কীভাবে! পুরস্কারগুলোর ওজন নিয়ে মজা করে এমন কথাই বলেছেন হোপ।

হায়দরাবাদে ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ বলে অপরাজিত ১০২ রান করেন হোপ। তার সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। পরে কিমো পলের পাঁচ উইকেটে ভারতকে ২২৩ রানে আটকে দিয়ে ২৪ রানের জয় তুলে নেয় সফরকারীরা। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতাও ফেরায় ক্যারিবীয়রা। এটি ছিল টি-টোয়েন্টি সিরিজে হোপের দ্বিতীয় এবং এই সফরে চতুর্থ সেঞ্চুরি।

ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে হোপ বলেন, 'সত্যি বলতে, পুরস্কারগুলো বেশ ভারী। আমাদের লাগেজের ওজনের বিষয়টিও দেখতে হবে। তাই মনে হচ্ছে, দেশে ফেরার সময় এই ম্যাচসেরার পুরস্কারগুলো নিয়ে আমাকে কিছুটা সমস্যায় পড়তে হবে।'

পুরস্কার নিয়ে এমন রসিকতার পেছনে অবশ্য রয়েছে হোপের ধারাবাহিক পারফরম্যান্স। ভারতের বিপক্ষে এই সেঞ্চুরি চলতি সিরিজে তার দ্বিতীয় টি-টোয়েন্টি শতক, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়। ১০২ রানের ইনিংসটি সাজাতে তিনি মেরেছেন চারটি চার ও নয়টি ছক্কা। তার অপরাজিত ইনিংসেই বড় সংগ্রহের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের শুরুতে ভালো ভিত গড়ে তোলাকেই নিজের ব্যাটিংয়ের মূল লক্ষ্য হিসেবে দেখেন হোপ। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি শুধু চেষ্টা করছি, যাতে দল জেতার সবচেয়ে ভালো সুযোগ পায়। শুরুতে আমরা যদি শক্ত ভিত গড়তে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি এসেছিল, যা ইনিংসের শুরুটা ভালো করতে সাহায্য করেছে।'

উইকেট নিয়ে নিজের ধারণার কথাও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তার মতে, পিচে বল প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি থমকে আসছিল, আবার কিছু বল লাফিয়েও উঠছিল। তাই ২৪০ রানের বেশি সংগ্রহকে যথেষ্ট ভালো মনে হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত বোলাররাও সেই সংগ্রহ কাজে লাগিয়েছেন, বিশেষ করে কিমো পলের ৪১ রানে ৫ উইকেট ভারতের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

ভারতের বিপক্ষে এই জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি বেঙ্গালুরুতে শেষ ম্যাচের লড়াইও জমিয়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। হোপের সামনে তাই শুধু আরেকটি জয় নয়, আরও একটি ম্যাচসেরার পুরস্কার জেতার সুযোগও থাকন। যদিও দেশে ফেরার সময় লাগেজের ওজন নিয়ে তার দুশ্চিন্তা তাতে আরও বাড়তে পারে।

আরো পড়ুন: