দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে আসার পর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটারে দুদিন অনুশীলন করবে সফরকারীরা।
অনুশীলন শেষে আনভীর স্পোর্টস সিটিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ ও ২৩ অক্টোবর হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ শেষে তিন দিন অনুশীলন করে ২৮ অক্টোবর থেকে মিরপুরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৫ নভেম্বর থেকে। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে রাখা হয়নি শাই হোপকে। দলে নেই পেসার আলজারি জোসেফও।
তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কিমো পল। এদিকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে আছে ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে জিতে নিজেদের অবস্থানের উন্নতি করতে চায় তারা।