এক সাক্ষাৎকারে পূজারা জানান, টি-টোয়েন্টিতে অভিষেকের সামর্থ্য তাকে ভারতের অন্যতম সেরা ব্যাটারে পরিণত করেছে। অল্প সময়ের মধ্যেই এমন মাইলফলক ছোঁয়ায় তার প্রশংসাও করেছেন এই সাবেক ভারতীয় ব্যাটার।
পূজারা বলেন, 'কেউ ভাবেনি, এত তাড়াতাড়ি এ রকম একটা মাইলফলক ও ছুঁয়ে ফেলবে। অভিষেক যেভাবে খেলছে, তাতে এখন পর্যন্ত ভারতের হয়ে খেলা সেরা টি-টোয়েন্টি ব্যাটার সে।'
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ের প্রতীক ক্রিস গেইল। এই সংস্করণে তার আগ্রাসী ব্যাটিং ও বড় ইনিংস খেলার সামর্থ্য তাকে আলাদা পরিচিতি দিয়েছে। অভিষেকের মধ্যেও একই ধরনের ক্ষমতা দেখছেন পূজারা। তার মতে, ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে গেইলের মতো প্রভাব তৈরি করতে পারেন ভারতের এই তরুণ ব্যাটার।
পূজারা বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণের কথা ভাবলেই সবার আগে গেইলের কথা আমাদের মনে পড়ে। অভিষেকের মধ্যেও সেই ক্ষমতা আছে। তাকে দেখলেই আমার গেইলের কথা মনে পড়ে। সে বিশ্ব ক্রিকেটের পরবর্তী গেইল হতে পারে।’
অভিষেকের ব্যাটিংয়ে পরিবর্তনও লক্ষ্য করেছেন পূজারা। আগে প্রথম বল থেকেই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও এখন শুরুতে কয়েকটি বল দেখে খেলছেন তিনি। এতে পরিস্থিতি বুঝে আক্রমণে যাওয়ার সুযোগ পাচ্ছেন অভিষেক, যা তাঁকে আরও বিপজ্জনক করে তুলেছে।
পূজারার ভাষায়, ‘তিন-চারটা বল দেখে নিয়ে তার পর হাত খোলে। এতে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন যে কোনও পিচেই সে বড় রান করার ক্ষমতা রাখে।’