বিসিবির কাভার্ডভ্যান থেকে ৪ ক্রিকেটারের ৮ লাগেজ উধাও

এনসিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বিপাকে পড়েছেন রাজশাহী বিভাগের চার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যানে থাকা ৫৪টি লাগেজের মধ্যে আটটি উধাও হয়ে গেছে। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে।

গত মঙ্গলবার রাতে দলের লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বোর্ডের একটি কাভার্ড ভ্যান। এদিকে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন দলের ক্রিকেটাররা। পরে হোটেলে লাগেজ বুঝে নিতে গিয়ে আটটি লাগেজ না পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান তারা।

এ ঘটনায় রাজশাহী বিভাগের ক্রিকেটার এসএম মেহরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ অনুযায়ী গায়েব হওয়া লাগেজে পাসপোর্ট, মুঠোফোন, মার্কিন ডলার, নগদ টাকা, সুগন্ধি ও পোশাকসহ মূল্যবান জিনিসপত্র ছিল। তার লাগেজে থাকা একটি আইফোন ১৫ প্রো ম্যাক্সের মূল্য জিডিতে ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

জিডি'র তথ্য অনুযায়ী, চালক সজীব হাটিকুমরুল মোড়ে কাভার্ড ভ্যানের পেছনের দরজা তালাবদ্ধ দেখেছিলেন। তবে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা একটি গাড়ির চালক তাকে দরজা খোলা থাকার কথা জানান।

পরে নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান তিনি। দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হলেও সকাল ছয়টার দিকে হোটেলে পৌঁছে আটটি লাগেজের খোঁজ মেলেনি।

মেহেরব হাসান ছাড়াও আব্দুল কাদের, মোহর শেখ অন্তর ও মো. ওয়ালিদের লাগেজ উধাও হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে রাজশাহী বিভাগীয় দল। দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারে তাঁরা কাজ করছেন।’

এদিকে লাগেজ উদ্ধারে কাজ করছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জিডি আমাদের থানায় হয়েছে। কিন্তু ঘটনাস্থল নাটোর কিংবা রাজশাহী জেলার মধ্যে হবে। দুই জেলা পুলিশ কাজ করছে। আমরা প্রযুক্তিগত সহযোগিতা করছি। তদন্ত চলছে।’

আরো পড়ুন: