র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, বিশ্বরেকর্ড গড়লেন চারানি

আইসিসি র‍্যাঙ্কিং
শারমিন আক্তার ও  শ্রী চরানি, ফাইল ছবি
শারমিন আক্তার ও শ্রী চরানি, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন তিনি। এর আগে ৪৫ নম্বরে ছিলেন শারমিন। তবে বোলাদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গেছেন পেসার মারুফা আক্তার। এদিকে নারীদের র‍্যাঙ্কিংয়ে রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের জন্য পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ৩১ রানে হেরে পদক বঞ্চিত হয় বাংলাদেশ। তবে সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শারমিন। ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। সেই ইনিংসের সুবাদেই র‍্যাঙ্কিংয়ে সুখবর এলো এই টাইগ্রেস ব্যাটারের।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিনের ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। সর্বশেষ তালিকায় ২০ নম্বরে আছেন তিনি। সোবহানা মোস্তারি ৪২, স্বর্ণা আক্তার ১ ধাপ নেমে ৫৯ এবং দিলারা আক্তার ৬২ নম্বরে রয়েছেন।

বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রগতি নাহিদা আক্তারের। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্রোঞ্জ পদকের ম্যাচের পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। এর আগে ৩১ নম্বরে ছিলেন তিনি। বোলিং র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চার ধাপ নেমে ২১ নম্বরে অবস্থান করছেন। রাবেয়া খান ১৯ নম্বরে এবং সুলতানা খাতুন যৌথভাবে ৩৫ নম্বরে আছেন। সানজিদা আক্তার মেঘলা ১ ধাপ নেমে ৫০, ফাহিমা খাতুন ৫৩, ফারিহা তৃষ্ণা ৮৪ এবং রিতু মণি ৯১ নম্বরে রয়েছেন।

এদিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার চারানি। সর্বশেষ হালনাগাদে ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে নারী টি-টোয়েন্টি বোলিংয়ে সর্বোচ্চ রেটিংয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মেগান শাটের করা ৮০৬ পয়েন্টের রেকর্ড ভেঙেছেন চরানি। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েন তিনি।

ব্যাটিংয়ে স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ফিরেছেন। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ বলে ৭৯ রান করেছিলেন তিনি। একই ম্যাচের পারফরম্যান্সে রিচা ঘোষ তিন ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন। পাকিস্তানের ফাতিমা সানা চার ধাপ এগিয়ে ২৩ নম্বরে এবং আলিয়া রিয়াজ দুই ধাপ এগিয়ে ৬৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।

আরো পড়ুন: