ম্যাচের দিন সকাল পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন তানজিদ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
তানজিদ হাসান তামিম (বামে) ও মুশফিকুর রহিম (ডানে)
তানজিদ হাসান তামিম (বামে) ও মুশফিকুর রহিম (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্বিতীয় টেস্টের দুই দিন আগে ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ হাসান তামিম। নেটে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পেয়েছিলেন মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটারকে নিয়ে খুব বেশি শঙ্কা না থাকলেও তানজিদের জন্য অপেক্ষা করতে হচ্ছে কাল সকাল পর্যন্ত। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ব্যাটিং ফিরলেও পর্যবেক্ষণে থাকবেন তানজিদ।

ডারউইন থেকে ১১ ঘণ্টার জার্নি করে ম্যাকাইয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। নিজেদের খানিকটা গুছিয়ে নেওয়ার পর ২০ আগষ্ট দুপুরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন করেছে সফরকারীরা। দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন করলেও ব্যাটিংয়ে দেখা যায়নি তানজিদকে। ঘাড়ের সমস্যার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে।

স্ক্যান শেষে দ্বিতীয় টেস্টের আগের দিন অবশ্য ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি এই ওপেনার। এমন খবর খানিকটা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে শান্ত জানিয়েছেন, মেডিকেল টার্মস অনুযায়ী কাল সকাল পর্যন্ত তাকে আরেকটু পর্যবেক্ষণ করা হবে। কোনো কারণে যদি তানজিদ না খেলতে পারেন সেক্ষেত্রে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘তামিমের বিষয়ে যেটা বললেন তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা পর্যবেক্ষণ করতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের সব ধরনের বিকল্প আছে। সুতরাং আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

একই দিন ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছিলেন মুশফিক। যদিও প্রাথমিক চিকিৎসা শেষে একটু পরই ব্যাটিং করেছেন তিনি। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারকে নিয়ে খুব বেশি শঙ্কা দেখছেন না শান্ত। তিনি বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবো।’

জিম্বাবুয়ে সফরে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। চোট থেকে সেরে উঠতে না পারায় প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। যদিও প্রথম টেস্ট চলাকালীন ফিটনেস পরীক্ষা উতরে ডারউইনে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলন ব্যস্ত সময় পার করছেন তিনি নিজেও। ফিল সিমন্সকেও দেখা গেছে তার সঙ্গে কিছুটা সময় কাজ করতে।

ম্যাকাইয়ে চার পেসার খেলানোর প্রয়োজন হলে সুযোগটা আসতে পারে শরিফুলের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানান, বাঁহাতি পেসার সুস্থ ও খেলার জন্য প্রস্তুত আছেন। শান্ত বলেন, ‘শরিফুল ঠিক আছে, সুস্থ আছে। ভালো বোলিংও করছে। আশা করছি যদি ওর সুযোগ আসে ও ভালো কিছু করবে।’

আরো পড়ুন: