ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে সরকারের দ্বারস্থ বিসিবি

বাংলাদেশ-ভারত সিরিজ
তামিম ইকবাল
তামিম ইকবাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি পর্যায়ে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

তারা এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তামিমের সঙ্গে ছিলেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।

ক্রিকবাজের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তাদের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরেকে কেন্দ্র করে সরকারী পর্যায়ে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি। এখনো পর্যন্ত সিরিজ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

সূচি অনুযায়ী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। গত ২৯ জুলাই তামিম বলেছিলেন, সিরিজটি আয়োজন নিয়ে তারা আশাবাদী। তবে বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে এবং প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিতে হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ ও ভারতের এই সীমিত ওভারের সিরিজটি মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি স্থগিত করা হয়। পরে ২০২৫ সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েনের কারণে সফরটি অনিশ্চয়তার মধ্যেই থেকে যায়।

যদিও বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে সিরিজটি নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি খবর বেরিয়েছে ভারত সরকার আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এই ঘটনাও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যেই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সরকারের উচ্চপর্যায়ে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছিলেন, ঢাকা ও নয়াদিল্লি সার্বভৌম সমতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

ভারতের নতুন হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা দুজনই একমত যে দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থকে সামনে রেখে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।’ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।’

আরো পড়ুন: