ভারতে দলে ডাক না পাওয়ায় কিশোরীর আত্মহত্যা

ভারত ক্রিকেট
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিদর্ভ ক্রিকেট সংস্থার সাম্প্রতিক দল নির্বাচনে সুযোগ না পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মহারাষ্ট্রের এক কিশোরী ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৭ বছর বয়সী এই উদীয়মান ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুরের লক্ষ্মীনগর এলাকায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের আকোলা জেলার বাসিন্দা ওই কিশোরী গত দুই বছর ধরে মায়ের সঙ্গে নাগপুরে থাকছিলেন। একটি ক্রিকেট শিক্ষাকেন্দ্রে অনুশীলন করে বড় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। তার ভাইও ক্রিকেটার।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেখানে লেখা ছিল, ‘দলে আমার জায়গা হয়নি।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলে জায়গা না পাওয়ার হতাশাই তাকে গভীর মানসিক চাপে ফেলেছিল। পুলিশের ভাষ্য, সাম্প্রতিক দল নির্বাচনের তালিকায় নিজের নাম না দেখে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে রাজি নয় তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরো পড়ুন: