ধোনির মতো অধিনায়ক ইংল্যান্ডে নেই, ফ্লেমিংকে ভনের সতর্কতা

ইংল্যান্ড ক্রিকেট
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং,
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের নতুন টেস্ট প্রধান কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। তবে তার মতে, আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে যে সাফল্য ফ্লেমিং পেয়েছেন, ইংল্যান্ডে সেটি ধরে রাখা সহজ হবে না। কারণ সেখানে মহেন্দ্র সিং ধোনির মতো একজন অধিনায়ক নেই, যিনি মাঠে নেতৃত্ব দিয়ে কোচের কাজ অনেকটাই সহজ করে দিতেন।

সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং। চলতি বছরের শেষ দিকে দায়িত্ব নেবেন ৫৩ বছর বয়সী এই কোচ। ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়া ফ্লেমিং চেন্নাইতে দীর্ঘ সময় কাজ করে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন। এবার তার সামনে ইংল্যান্ডের টেস্ট দলকে নতুনভাবে গড়ে তোলার চ্যালেঞ্জ।

দ্য টেলিগ্রাফে লেখা এক কলামে ভন লিখেছেন, 'ফ্লেমিং খুবই সম্মানিত একজন কোচ। তিনি অসাধারণ ম্যানেজার ও কৌশলবিদ হিসেবে পরিচিত। আইপিএলে তাকে কাছ থেকে দেখেছি। তবে ইংল্যান্ডে এসে তিনি হয়তো বুঝবেন, এখানে তার অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির মতো কেউ নেই।’

ভনের মতে, সিএসকের দীর্ঘদিনের সাফল্যের পেছনে শুধু ফ্লেমিংয়ের অবদানই ছিল না। মাঠে ধোনির নেতৃত্ব এবং কোচিং স্টাফের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বোলিং ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে সাপোর্ট স্টাফের পরিকল্পনা দলকে আলাদা সুবিধা এনে দিয়েছিল। সেই কারণেই ইংল্যান্ডেও ফ্লেমিং কী ধরনের বোলিং আক্রমণ গড়ে তোলেন, সেটি দেখার অপেক্ষায় আছেন তিনি।

এ প্রসঙ্গে ভন বলেন 'চেন্নাই সুপার কিংসে ধোনিই মূলত দল পরিচালনা করত। ফ্লেমিংয়ের সঙ্গে দারুণ কিছু সাপোর্ট স্টাফও ছিল। এরিক সিমন্স ছিলেন অসাধারণ বোলিং কোচ, বিশেষ করে সাদা বলে সুইং আদায় করে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন বিশেষজ্ঞ। তাদের বোলিং আক্রমণ গতি নয়, দক্ষতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাই আমার মনে হয়, ইংল্যান্ডের টেস্ট দলেও হয়তো কেবল গতির ওপর নির্ভর না করে দক্ষ বোলিংয়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।’

ফ্লেমিংয়ের নিয়োগের পাশাপাশি টেস্ট দলের অধিনায়ক হিসেবেও ফিরেছেন জো রুট। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটারই এখন আবার দায়িত্ব পাচ্ছেন। ৬৫টি টেস্টে অধিনায়কত্ব করে ২৭টি জয় এনে দেওয়া রুটই ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ফ্লেমিং। ওই সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটার মার্কাস ট্রেসকোথিক।

আরো পড়ুন: