স্যামি নয়, ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি: জোসেফ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
ড্যারেন স্যামি ও আলজারি জোসেফ, ফাইল ফটো
ড্যারেন স্যামি ও আলজারি জোসেফ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামির মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পেসার আলজারি জোসেফ। তার দাবি, কোচের দেওয়া বক্তব্য ছিল ভিত্তিহীন এবং বিতর্ক তৈরির মতো।

স্যামি এর আগে জানিয়েছিলেন, দলে সুযোগ পেয়েও জোসেফ সিরিজে খেলতে রাজি হননি। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারের জাতীয় দলের ডাক প্রত্যাখ্যানের বিষয়টি বোর্ডের দেখার প্রয়োজন রয়েছে। তবে জোসেফের ভাষ্য, পুরো বিষয়টি আগে থেকেই কোচ ও ক্রিকেট বোর্ডের জানা ছিল।

জোসেফ বলেন, ‘আমার সঙ্গে প্রধান কোচের কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। বোর্ডের বিবৃতিতে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ ছিল। স্যামি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি জানতেন, তার বক্তব্যের পর কী ধরনের আলোচনা তৈরি হবে। তাই তার মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই।’

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় এই পেসার জানান, দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর শরীরকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলতে চাননি তিনি। তার ভাষায়, ‘প্রায় এক বছর আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটের বাইরে ছিলাম। দ্বিতীয়বারের মতো পিঠে চোট পাওয়ার পর ফিরেছি। দুই টেস্ট ও টানা পাঁচটি একদিনের ম্যাচ খেলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আরেকটি টেস্ট সিরিজ খেলার মতো অবস্থায় তখনও আমার শরীর ছিল না। তাই প্রেক্ষাপট ছাড়া ওই মন্তব্য বিতর্ক তৈরি করেছে।’

কোচের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জোসেফ বলেন, ‘আমি একজন পেশাদার ক্রিকেটার। আমি কাজ করতে যাই, বন্ধু বানাতে নয়। আমি ড্যারেন স্যামির প্রতিনিধিত্ব করি না, আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি। তাই আমার দায়িত্ব সব সময় দলের হয়ে সেরাটা দেওয়া।’

চোট থেকে সেরে চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন জোসেফ। এর আগে পিঠের চোটের কারণে ভারত ও নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজেও খেলেছেন এই ডানহাতি পেসার।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে তারা ৯০ রানের জয় পেয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২ আগস্ট।

আরো পড়ুন: