ম্যাককালাম-স্টোকসের অগ্রগতি বয়ে নিতে চান ফ্লেমিং

ইংল্যান্ড ক্রিকেট
স্টিফেন ফ্লেমিং
স্টিফেন ফ্লেমিং
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্টিফেন ফ্লেমিংয়ের হাত ধরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইংল্যান্ডের টেস্ট দল। নতুন প্রধান কোচ দায়িত্ব নিয়ে এই কিউই কোচ জানিয়েছেন তিনি ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস যে ভিত্তি তৈরি করে গেছেন, সেটির ওপর দাঁড়িয়েই তিনি গড়ে তুলতে চান ইংল্যান্ডের আগামী প্রজন্ম। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক এই দায়িত্বকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ কোচিং পদগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

ইংল্যান্ডের দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত ফ্লেমিং, পাশাপাশি এই দায়িত্ব তাকে পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন সদ্য নিয়োগ প্রাপ্ত ইংল্যান্ডের এই কোচ। ইংলিশদের দায়িত্ব নিতে ফ্লেমিংয়ের ছেড়ে দিতে হয়েছে চেন্নাই সুপার কিংসের দায়িত্ব। দলটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানতে হয়েছে ফ্লেমিংকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর দায়িত্ব ছাড়েন ম্যাককালাম। এর আগে অ্যাশেজেও হতাশাজনক পারফরম্যান্স ছিল ইংল্যান্ডের। ওই সিরিজের পর মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। এরপর আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় জো রুটকে।

ইংল্যান্ডের দায়িত্ব পেয়ে ফ্লেমিং বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ কোচিং দায়িত্বগুলোর একটি। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস যে অগ্রগতি এনে দিয়েছেন, সেটিকে আরও এগিয়ে নিতে আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। অবশ্যই আমাদের লক্ষ্য এখনই জয় পাওয়া। তবে একই সঙ্গে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদে দলকে আরও শক্তিশালী করে তোলাও গুরুত্বপূর্ণ। দলে অনেক প্রতিভাবান তরুণ আছে। তাদের বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চাই।’

দ্বিতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হওয়া জো রুটের প্রতিও আস্থা রেখেছেন ফ্লেমিং। এর আগে ৬৫ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। অভিজ্ঞ এই কান্ডারিকে দলের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই ভাবছেন ফ্লেমিং। তিনি ইংল্যান্ডের হয়ে রুটের সাফল্যকেও মনে করিয়ে দিয়েছেন। নতুন এই যাত্রায় রুটের সঙ্গী হতে চান ফ্লেমিং।

এই কোচ বলেন, ‘অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। তিনি আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছেন। তবে আমি বিশ্বাস করি, তার সেরাটা এখনও বাকি। নতুন প্রেক্ষাপটে যেন তিনি দায়িত্ব উপভোগ করতে পারেন এবং আরও সফল হন, সেই পথেই তাকে সহায়তা করতে চাই।’

হ্যারি ব্রুককেও ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন নতুন কোচ। তাকে নিয়ে ফ্লেমিং বলেন, ‘হ্যারি ব্রুকের সঙ্গে কাজ করতেও আমি দারুণ উচ্ছ্বসিত। সেরা খেলোয়াড়রাও কখনো পূর্ণতা পায় না। তার অসাধারণ প্রতিভা এবং নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত করতে সাহায্য করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

আরো পড়ুন: