মঙ্গলবার (০২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে। রিট আবেদনটি করেছেন বিসিবির সাধারণ পরিষদের ছয়জন কাউন্সিলর। তারা হলেন আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বিবাদী করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার জেলা প্রশাসকদের।
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে। এর ধারাবাহিকতায় ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
আসন্ন নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত ১৩ মে গঠিত এই কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।