বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন নান্নু

বিসিবি নির্বাচন
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চট্টগ্রাম বিভাগে মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নির্বাচন করার কথা ছিল শরীফুল ইসলাম ও মঈন উদ্দীন চৌধুরীর। তবে শেষ মুহূর্তে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল। ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন নান্নু ও মঈন।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। যেখানে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে মির্জা ফয়সল আমীন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মীর শাকরুল আলম সীমান্ত।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক হচ্ছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। খুলনা বিভাগে দুই পদের জন্য লড়বেন তিনজন। শফিকুল আলমের সঙ্গে আছেন শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম। বরিশালে লড়াইটা হবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মধ্যে।

ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিও বিসিবির পরিচালক হচ্ছেন। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৮ জনের নির্বাচন করার কথা ছিল। তবে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের কাউন্সিলর মাহমুদ উর রহমান।

অর্থাৎ ১২ পরিচালকের জন্য লড়াই করবেন ১৬ জন প্রার্থী। ক্লাব ক্যাটাগরিতে আবাহনী থেকে ফাহিম সিনহা নির্বাচন করছেন। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল লড়াই করবেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু নির্বাচন করবেন।

এ ছাড়া ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, মোহামেডান থেকে মাসুদজ্জামান, শাইনপুকুর আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাব ফায়াজুর রহমান, বসুন্ধরা রাইডার্স ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ঢাকা স্পার্টান্স থেকে সাবেক পরিচালক আমজাদ হোসেন।

একই ক্যাটাগরিতে আছেন ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনারের শানিয়ান তানিম, তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ সালাম, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্টের মেজর ইমরোজ আহমেদ (অবঃ)। আগামী ৭ জুন বিসিবিতে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

যেখানে তিনটি ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ এবং তিন নম্বর ক্যাটাগরি থেকে আসবেন একজন। নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক বিসিবিতে যুক্ত হবেন।

আরো পড়ুন: