আম্পায়ারকে বরফের ব্যাগ ছুঁড়ে শাস্তি পেলেন ডেভিড

আইপিএল
টিম ডেভিড, ফাইল ফটো
টিম ডেভিড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা জয়ের একদিন পরই শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। আগামী আসরে নিজের দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে ডেভিডকে ম্যাচ ফি'র অর্ধেক অর্থ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। প্রতিযোগিতার আচরণবিধির প্রথম স্তরের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে গুজরাট টাইটান্সের ইনিংসের দশম ওভারে। একটি উইকেট পতনের পর মাঠের দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বরফের ব্যাগ ছুড়ে মারেন ডেভিড। বিষয়টি আমলে নিয়ে ম্যাচ-পরবর্তী পর্যালোচনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

পরদিন আনুষ্ঠানিকভাবে শাস্তির ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ। জরিমানার পাশাপাশি দুটি শৃঙ্খলাভঙ্গ পয়েন্ট যোগ হওয়ায় চলতি আসরে তার মোট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি শৃঙ্খলাভঙ্গ পয়েন্ট জমা হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সেই কারণে আগামী মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচে, অথবা তিনি যে দলের হয়ে খেলবেন সেই দলের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না ডেভিড।

এটি ছিল চলতি মৌসুমে তার তৃতীয়বারের মতো প্রথম স্তরের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এর আগে প্রতিযোগিতার ২০তম ম্যাচে প্রথমবার এক পয়েন্ট এবং ৫৪তম ম্যাচে দ্বিতীয়বার দুই পয়েন্ট পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন: