দিল্লিতে ভারতের বিপক্ষে ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান

ভারত-আফগানিস্তান সিরিজ
রশিদ খান ও রোহিত শর্মা , ফাইল ফটো
রশিদ খান ও রোহিত শর্মা , ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে একটি ফিরতি সফরের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ইতিবাচকভাবে এগিয়েছে বলে জানা গেছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। এর ফলে ভারতের মাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও আফগানিস্তান স্বাগতিক দলের মর্যাদা পাবে।

সূত্রটি জানায়, বিসিসিআই ও এসিবির মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশের ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে সহায়তা করতে ভারতীয় দলকে সেখানে সিরিজ খেলতে পাঠানো হয়েছে। একই ধরনের একটি সমঝোতা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও হয়েছে। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

সিরিজের ভেন্যু নির্ধারণে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামকে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আফগানিস্তান দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তর্জাতিক ম্যাচ দেশের বাইরে আয়োজন করে আসছে। অতীতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেডিয়ামকে তারা স্বাগতিক ভেন্যু হিসেবে ব্যবহার করেছে।

বিসিসিআই সূত্র আরও জানায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ডিডিসিএর মধ্যে সমন্বয় সাধনে মধ্যস্থতা করেছে বিসিসিআই। সিরিজ আয়োজনের জন্য অরুণ জেটলি স্টেডিয়ামকে প্রস্তুত রাখা হচ্ছে। এমনকি ডিডিসিএ তাদের দিল্লি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সূচিও সে অনুযায়ী সমন্বয় করছে।

আরো পড়ুন: