টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে দলটি। পাকিস্তানের কিংবদন্তী ব্যাটার মোহাম্মদ ইউসুফ সম্প্রতি এক টিভি শোতে বাংলাদেশকে টেনে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন। পাকিস্তান এমন 'বি' ও 'সি' দলের বিপক্ষে সিরিজ হারে বলেও কটাক্ষ করেছেন তিনি।
ইউসুফ বলেন, 'দেখুন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—এমন অনেক দলই এটা করে। তারা হোয়াইট বল সিরিজে তাদের বেঞ্চ স্ট্রেন্থ দেখার জন্য দ্বিতীয় বা তৃতীয় সারির দল পাঠিয়ে দেয়। বর্তমানে নিউজিল্যান্ডের তৃতীয় সারির দল এসেছে, যেমনটা আমাদের এখানেও আসে। কিন্তু তারা আমাদেরও হারিয়ে দিয়ে চলে যায়। আমরা তাদের দ্বিতীয় বা তৃতীয় সারির দলের কাছেও হেরে যাই। অথচ সেই পারফরম্যান্স নিয়ে আমরা পরে অনেক কথা বলি যে, আমরা ব্যাটিংয়ে এটা করেছি বা বোলিংয়ে ওটা করেছি।'
বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে ইউসুফ বলেন, 'বাংলাদেশ তাদের জিততে দিচ্ছে না। বাংলাদেশ তাদের ওয়ানডে ম্যাচেও ২-১ ব্যবধানে হারিয়েছে। এমনকি কঠিন পরিস্থিতিতে পড়েও তারা ম্যাচ বের করে নিয়ে আসছে। আপনি যে দলের বিপক্ষেই খেলুন না কেন, লড়াই করতে হবে। আমাদের সমস্যা হলো আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে খেলি, কিন্তু অন্যদের দ্বিতীয় বা তৃতীয় সারির দলের কাছেও জিততে পারি না। এর মানে আমাদের অবস্থান অনেক নিচে নেমে গেছে।'
প্রতিপক্ষ দলগুলো সহজেই পাকিস্তানের ক্রিকেটারদের দুর্বলতা ধরে ফেলে বলে দাবি ইউসুফের। পাকিস্তান দলের পারফরম্যান্সে অনেক কিছু উন্নতির সুযোগ আছে বলেই মনে করেন ইউসুফ। পাকিস্তান নিজেদের এই ভুলগুলো যেন বুঝতে পারে সেটাই প্রত্যাশা করছেন তিনি। পাকিস্তানের ক্রিকেট তলানিতে চলে গেছে এমনটাও ধারণা ইউসুফের।
তিনি যোগ করেন, 'আমরা তো নিজেদের মাটিতেও হেরে যাই। আমাদের সমস্যা হলো অন্যরা আমাদের দুর্বলতা ধরে ফেলে এবং সেই অনুযায়ী বোলিং করে। আবার বোলিংয়েও আমরা এক জায়গায় বল করতে পারি না, যা ওদের জন্য সহজ হয়ে যায়। আমাদের অনেক কিছু ঠিক করার আছে। আল্লাহ আমাদের দয়া করুন আমরা যেন এগুলো বুঝতে পারি। তারা বলেছে দল উপরে যাবে—আসলে দল শুধু উপরে যাবে না, ইতিমধ্যেই উপরে চলে গেছে।'