এবার বিসিবির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির এডহক কমিটির এই সভাপতির আমন্ত্রণে বিসিবিতে হাজির হয়েছিলেন সুজন। সেখানে দেশের ক্রিকেটের উন্নয়নে কথা হয়েছে তার। ৩ মাসের মধ্যেই বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আসন্ন এই নির্বাচনে সুজন অংশ নেবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে তিনি নিজেই জানিয়েছেন নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। এই ব্যাপারে তামিমের সঙ্গে কথা হয়েছে সাবেক এই অধিনায়কের। ক্রিকেটের উন্নয়নে অন্য কোনো ভূমিকায় কাজের সুযোগ থাকলে তিনি কাজ করতে রাজি বলে জানিয়েছেন।
উদীয়মান ক্রিকেটার খুঁজতে বগুড়ার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার একদমই সুযোগ নেই। আমি আসলে নির্বাচন করতে চাই না। ক্রিকেটের সাথে যদি আমি অন্যভাবে থাকতে পারি, সেটা যথেষ্ট ভালো হবে। কিন্তু আমি সরাসরি নির্বাচন করব না আসলে।'
তামিমের সঙ্গে আলোচনা নিয়ে তিনি যোগ করেন, 'আমি ওকে (তামিম ইকবাল) পরিষ্কার করে বলেছি যে আমি নির্বাচন করতে চাই না। তবে আমার পেশা যেহেতু কোচিং, যদি কোচিং সংক্রান্ত অন্য কিছু থাকে, তবে আমি বিসিবি-কে সাহায্য করতে পারি। যদি আমি মনে করি আমি যথেষ্ট ভালো অথবা বিসিবি যদি মনে করে আমি ভালো নই, তবে কাজ করার একটা সুযোগ থাকবে। কিন্তু সেটা বলার জন্য এখনও অনেক সময় বাকি, সময় বলে দেবে কী করব।'
তিনি আরও বলেন, 'তামিমের সাথে আমার ক্রিকেট নিয়ে কথা হয় মূলত বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কথা হয় যে আমরা কীভাবে কী করলে আরও ভালো হয়। ওর আইডিয়াগুলো আমি শুনি বা আমার কিছু বলার থাকলে আমি তো বলি। কিন্তু ও মানে ও চেয়েছে যে আমার অভিজ্ঞতাটা ও চায়।'