প্রথম ওয়ানডেতে নাহিদ রানা ও তাসকিন আহমেদের সঙ্গে একাদশে থাকার কথা ছিল মুস্তাফিজের। তবে টসের আগে অনুশীলন করতে গিয়ে হাঁটুতে অস্বস্তিবোধ করেন বাঁহাতি এই পেসার। যার ফলে টসের ঠিক আগ মুহূর্তে একাদশের বাইরে রাখা হয় তাকে। যদিও দ্বিতীয় ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশের তারকা পেসার।
চোট থেকে সেরে উঠলেও দ্বিতীয় ওয়ানডেতে একাদশে রাখা হয়নি মুস্তাফিজকে। তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন তিনি। পাশাপাশি তিন থেকে চার ওভার বোলিংও করেছেন বাঁহাতি এই পেসার। টেইট নিশ্চিত করেছেন, বোলিংয়ের সময় কোনো ধরনের অস্বস্তিবোধ করেননি ফিজ।
বাঁহাতি পেসারের একাদশে থাকার সম্ভাবনা নিয়ে টেইট বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ একাদশের জন্য অ্যাভেইলেবল। আমি শতভাগ নিশ্চিত নই (একাদশে থাকবে কিনা)। সে আজ হয়তো তিন বা চার ওভার বল করেছে। সত্যি বলতে নির্বাচকরা কী করবেন আমি জানি না। আমি আসলে সত্যিই জানি না। তবে আজ সে ঠিকঠাক বোলিং করেছে।’
বাংলাদেশের পেস বোলিং কোচ আরও যোগ করেন, ‘মুস্তাফিজ আজ বল করেছে এবং যতদূর আমি জানি বল করার পর সে ঠিকঠাকই ছিল। নির্বাচক কমিটি কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার, আমি জানি না।’
মুস্তাফিজ হাঁটুতে অস্বস্তিবোধ করায় প্রথম ম্যাচে খেলেন শরিফুল। ১৬মাস পর ওয়ানডে দলে ফিরে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই পেসার। দুই উইকেট পেতে ৩২ রান দিয়েছিলেন শরিফুল। তৃতীয় ম্যাচের একাদশেও থাকতে পারেন তিনি। যদিও দুজন বাঁহাতি পেসারকে বাংলাদেশ একসঙ্গে খেলাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।