মুস্তাফিজের দলের মালিকানা কিনলেন তারকা ফুটবলার বেলিংহ্যাম

দ্য হান্ড্রেড
মুস্তাফিজুর রহমান ও জুড বেলিংহ্যাম, ফাইল ফটো
মুস্তাফিজুর রহমান ও জুড বেলিংহ্যাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবার একই দলে জুড বেলিংহ্যাম এবং মুস্তাফিজুর রহমান। খবরটা প্রথমে শুনে মনে হতে পারে ফুটবল ছেড়ে বুঝি এবার ক্রিকেট খেলতে শুরু করেছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার। এটাও মনে হতে পারে যে ফুটবল খেলাটা বোধহয় এবার পেশা হিসেবে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। দুটোর একটিও নয়, তবে একই দলে দুজনের থাকার খবরটাও সত্যি!

২২ বছর বয়সী বেলিংহ্যাম ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী। তিনি উরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র পর্যায়ে খেলেছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সুযোগ পেলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জায়গা বদল করতে চান। তবে সেই ইচ্ছা পূরণ না হলেও, এবার একটি ক্রিকেট দলের শেয়ার কিনেছেন তিনি। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল বার্মিংহাম ফিনিক্সে ১.২ শতাংশ শেয়ার কিনেছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের তারকা এই ফুটবলার।

আর এতেই তাকে দেখা যাবে মুস্তাফিজের দলের জার্সিতে। কেননা, গেলো ১২ই মার্চ নিলাম থেকে কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় বেলিংহ্যামের বার্মিংহাম ফিনিক্স। ১ লাখ পাউন্ড বা ১ কোটি ৬৪ লাখ টাকায় মুস্তাফিজকে নিজেদের দলে টেনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার বেলিংহাম মালিকানার একটা অংশ কিনে নেয়ায়, দুই ভুবনের দুই তারকাকে দেখা যাবে একই ডাগআউটে।

এজবাস্টনভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্সকে গত বছর বিক্রির জন্য তোলা হয়েছিল নিলামে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট দলটির ৪৯ শতাংশ শেয়ার তখন কিনে নেয় প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে। বাকি ৫১ শতাংক শেয়ার নিজেদের কাছে রেখে দেয় ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

নতুন এই চুক্তিতে উভয় পক্ষ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়ে মোট ১.২ শতাংশ মালিকানা পেয়েছেন বেলিংহাম। বিসিবির তথ্যমতে, দা ১০০ এর প্রথম আসরেই রানার্স আপ হওয়া এই দলের শেয়ার কিনতে বেলিংহামকে গুনতে হয়েছে ১ মিলিয়ন পাউন্ড বা ১৬ কোটি ৬ লাখ টাকা। যার আনুষ্টানিক ঘোষণা আসার কথা রয়েছে ২২ এপ্রিল।

মুস্তাফিজ ছাড়াও জুড বেলিংহ্যামের দল বার্মিংহাম ফিনিক্স দলে আছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং সাউথ আফ্রিকার ডোনোভান ফেরেইরা। আগামী ২১ জুলাই থেকে শুরু হবার কথা ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। ৮ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১৬ই আগষ্ট।

আরো পড়ুন: