বিসিবির সভাপতি হওয়ার পরই কোচ, আম্পায়ারদের মানোন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন বুলবুল। যেখানে সবচেয়ে বড় চমক ছিল লেভেল-থ্রি কোচিং কোর্স চালু করা। বাংলাদেশের কোচরা যাতে আরও ভালো মানের কোচিং করাতে পারেন এবং বিশ্ব জুড়ে কাজ করতে পারেন সেটার লক্ষ্যেই লেভেল-থ্রি কোচিং কোর্স চালু করেছিলেন বিসিবির সাবেক সভাপতি। স্ট্রেলিয়াভিত্তিক টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্টস ৯০ দিনের কোর্সটি পরিচালনায় সহযোগিতা করেন।
সবকিছু ঠিক থাকলে কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার কথা ছিল বুলবুলের। তবে সেই সুযোগ হয়নি সাবেক সভাপতির। গত অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়ম খুঁজে পাওয়ায় বুলবুল-ফারুক আহমেদের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম-মিনহাজুল আবেদিন নান্নুদের।
বুলবুল সভাপতি পদে বহাল না থাকায় তারই শুরু করা প্রোগ্রামের সার্টিফিকেট কোচদের হাতে তুলে দিয়েছেন তামিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
কোর্সে অংশ নেওয়া ৩০ জনই পাশ করেছেন। একমাত্র নারী কোচ ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশের বর্তমান টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ও সাবেক অধিনায়ক মুমিনুল হকও কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়া আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, তালহা জুবায়ের, রাজিন সালেহ ও হান্নান সরকাররাও লেভেল-থ্রি কোর্স করেছেন।
লেভেল-থ্রি কোর্সের সার্টিফিকেট পাওয়া কোচদের তালিকা— ফাতেমা তুজ জোহরা, জাকির হাসান, সাইফুল ইসলাম খান, মমিনুল হক, মুজিবুর রহমান, কাজী এমদাদুল বাশার, আশিকুর রহমান মজুমদার, তুষার ইমরান, এনামুল হক, জাহাঙ্গীর আলম, শাহরিয়ার নাফিস, ফাহিম আলিম, আলাতাগার কবির, নাজমুল হোসেন, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, আব্দুর রাজ্জাক, রাজিন সালেহ, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, রবিউল ইসলাম, গোলাম মুর্তজা, মোহাম্মদ সেলিম, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, মন্টু দত্ত, মতিউর রহমান, আখিনুজ জামান, শফি কামাল স্বপ্নীল এবং মাহবুবুর রহমান সেলিম।