বিতর্কিত রান আউটে মিরাজের ভুল দেখেন না মুশতাক

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সালমান আলী আঘার রান আউট। ম্যাচের ফল বা পারফরম্যান্সের বাইরে এই ঘটনাই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয়। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার এই ঘটনায় মেহেদী হাসান মিরাজের সমালোচনা করলেও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, বাংলাদেশ অধিনায়ক কোনো ভুল করেননি।

পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে ঘটে ঘটনাটি। মিরাজের বল মিড অন অঞ্চলে ঠেলে দেন মোহাম্মদ রিজওয়ান। বল থামাতে দৌড়ে যান বোলার মিরাজ। তখন নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন এবং বলটি লং অনের দিকে যেতে দেয়ার চেষ্টা করছিলেন। তবে মিরাজ পা দিয়ে বল থামিয়ে দ্রুত তুলে দারুণ থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ বলেন, 'সবকিছু এত দ্রুত হয়ে গেছে, আমরা এমনকি বুঝতেও পারিনি ঠিক কী হয়েছে। মিরাজ ভেবেছে ব্যাটসম্যান ক্রিজের বাইরে আছে এবং সে বল থামানোর চেষ্টা করছিল। বলটি তার পায়ে লাগে, আর আঘা সালমান হয়তো ভেবেছিল সে বল তুলে মিরাজকে সহায়তা করবে।'

রিপ্লে দেখে টিভি আম্পায়ার সালমানকে আউট দেন। এরপর হতাশ প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি ব্যাটার। গ্লাভস ও হেলমেট ছুড়ে মাঠ ছাড়েন তিনি। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক।

মুশতাকের মতে, ঘটনাটি ছিল পুরোপুরি স্বাভাবিক ক্রিকেটীয় প্রতিক্রিয়া, 'মিরাজেরটা ছিল সহজাত ব্যাপার। ব্যাটসম্যান ক্রিজের বাইরে ছিল বলে সে বল তুলে রান আউট করার চেষ্টা করেছে। সবকিছু খুব দ্রুত হয়েছে। আমার মনে হয় না, এখানে কারও ভুল ছিল।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাসহ দেশটির কয়েকজন সাবেক ক্রিকেটার মিরাজের সমালোচনা করেছেন এবং ক্রিকেটীয় চেতনার প্রসঙ্গ তুলেছেন। তবে মুশতাক এ বিষয়ে একমত নন।

'বল তখনও খেলায় ছিল এবং আঘা ক্রিজের বাইরে ছিল। হয়তো সে ভেবেছিল বল ‘ডেড’ হয়ে গেছে। কিন্তু মিরাজ তখন খেলায় ডুবে ছিল এবং সুযোগ দেখে রান আউটের চেষ্টা করেছে। সত্যি বলতে, আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।'

আরো পড়ুন: