পাকিস্তানের সাবেক ব্যাটার দেশটির ক্রিকেট নিয়ে সরব থাকেন সব সময়। ব্যাঙ্গ করেন নিজ ভঙ্গিমায়। ব্যতিক্রম হয়নি এবারো। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজ দেশের প্লেয়ারদের এমন পারফরম্যান্স কোনভাবেই মানতে পারছেন না সাবেক এই ক্রিকেটার। ব্যাঙ্গাত্মক ভঙ্গিতেই জানালেন, পাকিস্তানের ঠিক হতে হতে বেশি না, লাগবে অনেক কম সময়, মাত্র ১০ বছর!
বাসিত আলী বলেন, 'আমি বাংলাদেশকে কৃতিত্ব দেব না। বাংলাদেশ আউটক্লাস করেছে ঠিকই, ভালো খেলেছে। কিন্তু আমাদের টিম না ফাস্ট বোলার খেলতে পারছে না স্পিনার। আরে ভাই এখন আর কী বলব। তবে ঘাবড়ানোর কিছু নেই, ইনশাল্লাহ ২০৩৬ সালে পাকিস্তানের ক্রিকেট অনেক উন্নত হয়ে যাবে।'
'মিডিয়া তো মাশাল্লাহ আমাদের অনেক ট্যালেন্ট আছে বলে মুখে ফেনা তোলে। আমরা যখন বলি ট্যালেন্ট নেই তখন তারা হাসে। এখন তো উদাহরণ সামনেই আছে।'
তবে নিজ দেশের ক্রিকেটারদের সমালোচনা করলেও, প্রশংসায় ভাসিয়েছেন প্রথম ওয়ানডে ম্যাচের সেরা পারফর্মার নাহিদ রানাকে। শুধু এবারই যে পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা পারফর্ম করছেন, এমনটা নয়। ২০২৪ সালে যেবার পাকিস্তানের ঘরের মাটিতে তাদেরকেই টেস্টে হোয়াইট ওয়াশ করেছিলো বাংলাদেশ, সেবারো বল হাতে দূর্দান্ত ছিলেন নাহিদ রানা। সেই স্মৃতি টেনে আনেন বাসিত।
'নাহিদ রানা ১৪৮ কিলোমিটার গতি দিয়ে সবাইকে ভাগিয়ে দিল। সবাই ব্যাকফুটে খেলছিল ওকে। সে আসলে একটা চড় মেরেছে যে, আমাকে পিএসএলে নিও না, দেখ আমি এখানে কী করছি। এটা তো সেই পুরোনো কৌশল পাকিস্তানের বিরুদ্ধে। নাহিদ রানা যেভাবে ৯০ এবং ২০০০-এর দশকের স্টাইলে বোলিং করে!'
'টেস্ট ম্যাচেও তো বিপদে ফেলেছিল যখন ২-০ তে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে জিতেছিল। সেই থেকে এই কাহিনী চলছে। সেখানেও তো আমাদের সুপারস্টাররাও ছিল, তারাও তো পালিয়ে আউট হয়েছিল।'