ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান। ৪২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০৯ বল বাকি থাকতেই আট উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। দলের এমন একতরফা জয়ে প্রশংসা যেমন হয়েছে, তেমনি পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়েও উঠেছে সমালোচনা।
ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির জানান, বাংলাদেশের কৌশলই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তার মতে, পাকিস্তান যেখানে স্পিন সহায়ক উইকেটের আশা করেছিল, সেখানে বাংলাদেশ তৈরি করেছে ভিন্ন চ্যালেঞ্জ।
আমির বলেন, 'বাংলাদেশ খুব স্মার্টলি খেলেছে। আমরা টার্নিং উইকেটের কথা ভাবছিলাম; কিন্তু ওরা বানিয়ে দিল গতির উইকেট। ঠিক যেন ‘আউট অব সিলেবাস’ প্রশ্ন চলে এসেছে। ১৪০ প্লাস গতির বোলার দেখলেই আমাদের ব্যাটসম্যানরা লাফালাফি শুরু করে দেয়।'
পাকিস্তানের ব্যাটিং ধসের পেছনে অনুশীলনের ঘাটতিকেই দায়ী করেছেন আমির। তিনি বলেন, 'পাওয়ার হিটিং বা ডিফেন্স মানে এই নয় যে কেউ ওপর থেকে বল ছুড়ে দিচ্ছে আর আপনি খেলছেন। আসল পেসের বিপক্ষে খেলার সামর্থ্য থাকতে হবে। তরুণদের টেকনিকে অনেক ভুল আছে, তারা শুধু মিড-উইকেটে খেলতে চায়, অফ স্টাম্পের বল বোঝে না।'
দলের ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই পেসার। নির্বাচকদের সমালোচনা করে তিনি বলেন, 'আমরা এখন বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি। আমার ভয় লাগছে, শেষ পর্যন্ত আমরা অ্যাসোসিয়েট দল না হয়ে যাই। ৫–৬ জন সিনিয়রকে বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল হয় না, দলে সিনিয়র-জুনিয়রদের ভারসাম্য থাকতে হবে।'
বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশংসা করেন আমির। তিনি বলেন, 'তারা আমাদের এমনভাবে মেরেছে যেন মনে হচ্ছিল অনেক মজা পাচ্ছে। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, সেই উইকেটে তারা ১০–১২ ওভারে রান তাড়া করে ফেলেছে।'