মুস্তাফিজকে বাদ দিয়ে বিসিসিআই ভুল করেছে: বাসিত আলী

আইপিএল
মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে তড়িঘড়ি করে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), এমনটা মনে করছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। তার মতে, বিষয়টি আরও কৌশলীভাবে সামলানো যেত এবং সময় নিয়ে সিদ্ধান্ত নিলে বর্তমান পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন বাসিত। খেলোয়াড়ি জীবনে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও, অবসর নেয়ার পর ক্রিকেট বিশ্লেষক হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন স্পষ্টভাষী ও চাঁচাছোলা মন্তব্যের জন্য। বিভিন্ন ইস্যুতে তার মন্তব্য নিয়মিতই আলোচনায় আসে।

নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাসিত বলেন, 'মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগেভাগেই ছেড়ে দিয়ে একটি ভুল করেছে বিসিসিআই। এরকম ঘোষণা দেয়ার আগে তারা সবকিছু ঠাণ্ডা হয়ে ওঠার সময় নিতে পারত। তারা যদি বিশ্বকাপের পর এই ঘোষণা দিত, তাহলে আজকে এই অবস্থায় আসতে হতো না।'

এই সিদ্ধান্তের প্রভাব আরও বড় পরিসরে ছড়িয়েছে বলেও মনে করেন তিনি। বাসিতের ভাষায়, 'সেই ভুল থেকেই সবকিছুর শুরু। এটির জের ধরেই বাংলাদেশ রাজি হয়নি (ভারত সফরে যেতে) এবং এখন পাকিস্তানও শক্ত অবস্থান নিয়েছে।'

আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই ব্যাটার বলেন, ম্যাচটি না হলে সেটি বিশ্ব ক্রিকেটের জন্য ভালো বার্তা দেবে না। তার মতে, 'পাকিস্তান যদি সত্যিই ভারতের সঙ্গে না খেলে এবং ওয়াকওভার পেয়ে ভারত দুটি পয়েন্ট পেয়ে যায়, এটা ক্রিকেট খেলা এবং খেলাটির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করবে।'

ম্যাচ বর্জনের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়েও মত দিয়েছেন বাসিত। তার বিশ্বাস, এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় কোনো সংকটে পড়বে না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তানের বোর্ডের তো আর্থিক সমস্যা নেই। এই সিদ্ধান্ত (ম্যাচ বর্জন) তাদেরকে নিতে বলেছে পাকিস্তানের সরকার এবং প্রয়োজন পড়লে সরকারই বোর্ডকে অর্থ দেবে।'

আরো পড়ুন: