গত বছর ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। লিট 'এ' ক্রিকেটে এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ১৭টি ম্যাচ। সেখানে তার গড় ২০ এর অল্প বেশি এবং স্ট্রাইক রেট ৮০ এর নিচে। তবে পাকিস্তান দলের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান মনে করেন তার এই সুযোগ প্রাপ্য।
তিনি বলেন, 'গাজী পারফরম্যান্সের ভিত্তিতেই দলে এসেছে। প্রত্যেকেরই নিজস্ব মতামত দেয়ার অধিকার আছে। এখন গাজী দলে আছে। তবে অতীতে দেখলে অনেক উইকেটরক্ষকই ভালো পারফর্ম করেছে। সিস্টেম থেকে যদি আরও উইকেটরক্ষক উঠে আসে, সেটি ভালো। কারণ পাকিস্তান হয়তো তখন অবশেষে সেই সমাধানটি পেতে পারে, যেটি দীর্ঘদিন ধরে খুঁজছে।'
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান দলকে সতর্ক করে দিয়েছেন তিনি।
রিজওয়ান বলেন, 'কাগজে কলমে সিরিজটি সহজ মনে হতে পারে। কিন্তু নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই কঠিন প্রতিপক্ষ। সেখানকার উইকেট তাদের জন্য উপযোগী। পাকিস্তান দলের বর্তমান স্কোয়াডে এমন কয়েকজন খেলোয়াড় আছেন যাদের বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে।'
বাংলাদেশ সিরিজের দল থেকে সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন। এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন রিজওয়ান। জানিয়েছেন এই ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন নির্বাচকরা। তারা অধিনায়ক ও কোচের মতামত নিয়েই দল নির্বাচন করেছে বলে ধারণা রিজওয়ানের।
তিনি বলেন, 'আমি যদি আলোচনা অংশ হতাম, তাহলে বলতে পারতাম কেন কিছু খেলোয়াড়কে বাদ দেয়া হয়েছে। যদি নির্বাচক কমিটি বা প্রধান কোচ অধিনায়কের কথা না শোনে, তাহলে সেই ব্যক্তির অধিনায়ক হওয়া উচিত নয়। কারণ মাঠে দলকে নেতৃত্ব দিতে হয় অধিনায়ককেই। তাই তার মতামতের মূল্য থাকা জরুরি।'