বিসিএলে পাকিস্তান সিরিজের শারীরিক ও মানসিক প্রস্তুতিতে চোখ তাসকিনের

বিসিএল
তাসকিন আহমেদ, ক্রিকফেঞ্জি
তাসকিন আহমেদ, ক্রিকফেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলেও ব্যস্ত সময়ই পার করতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। রাজশাহী ও বগুড়াতে চলমান বিসিএলে পাকিস্তান সিরিজের প্রস্তুতিও দেখছেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের বিশ্বাস পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করবে বিসিএল।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় গত কয়েক মাসে প্রচুর টি-টোয়েন্টি খেলেছেন লিটনরা। যদিও নিরাপত্তা ঝুঁকিতে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতেই যায়নি বাংলাদেশ। বিশ্বকাপে না যাওয়ায় ক্রিকেটারদের অবসর সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার অংশ হিসেবে বগুড়া ও রাজশাহীতে বিসিএল আয়োজন করা হয়েছে।

৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পেছনে আরও একটা বড় কারণ ছিল পাকিস্তান সিরিজ। টি-টোয়েন্টির ব্যস্ততায় গত কয়েক মাসে খুব বেশি ওয়ানডে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজদের। সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গত বছরের শেষের দিকে। ক্রিকেটাররা যাতে দ্রুতই ওয়ানডে ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে এজন্য বিসিএল আয়োজন করেছে বিসিবি। এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন তাসকিন।

বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘পাকিস্তান সিরিজের আগে বিসিএল একটা দারুণ টুর্নামেন্ট হচ্ছে। স্পোর্টিং কন্ডিশন এবং সবগুলা ম্যাচেই বেশ লড়াই হচ্ছে। এটা আমাদেরকে অবশ্যই ওই ওয়ানডে সিরিজের জন্য অনেকটা প্রস্তুত করবে শারীরিক, মানসিক ও স্কিলের দিক থেকে। ধন্যবাদ বিসিবি এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য।’

সবশেষ কয়েক মাসেই চোট এবং অসুস্থতায় ভুগছেন তাসকিন। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অসুস্থতার জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। বিসিএলেও বিশ্রামে থাকার কথা ছিল তাঁর। শুরুতে স্কোয়াডে না থাকলেও পরবর্তীতে যোগ দেন তিনি। সেন্ট্রাল জোনের হয়ে প্রথম ম্যাচে নিয়েছেন দুইটি উইকেটও। অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরতে পারায় খুশি তারকা এই পেসার।

তাসকিন বলেন, ‘সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। মাঝে শরীর একটু অসুস্থ ছিল দেখে কিছুদিন বোলিং অফ রেখেছিলাম। এজন্য ওয়ার্কলোড বাড়িয়ে প্রথম ম্যাচটা না খেলে দ্বিতীয় ম্যাচ থেকে খেলা শুরু করেছি। আর অনেকদিন পর ওয়ানডে খেলে জিতলাম। বোলিং মোটামুটি ভালো হয়েছে, আরও ভালো হবে সামনে ইনশাআল্লাহ। সবমিলিয়ে খুব ভালো লাগছে।’

এ ছাড়া বগুড়ার উইকেটের প্রশংসা করে তাসকিন বলেন, ‘বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে। প্রপার স্পোর্টিং কন্ডিশন, ব্যাটিং-বোলিং দুইটাতেই সুযোগ আছে। যদিও বোলারদের মার্জিন এখানে অনেক কম, যেটা বাইরের দেশের ফ্ল্যাট উইকেটগুলাতে এমন থাকে। বগুড়ায় অনেকদিন পরে খেললাম, খেলে যেটা মনে হলো এখানে খেললে ব্যাটার-বোলার দুজনেরই উন্নতির সুযোগ থাকবে। খুবই ভালো কন্ডিশন। আশা করছি আরো ভালো উন্নতি হবে সামনে বগুড়া স্টেডিয়ামে।’

আরো পড়ুন: