বাংলাদেশে কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না: মুমিনুল

বিসিএল
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লেগে গিয়েছিল মুমিনুল হকের। সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ার লম্বা না হওয়ার পেছনে এটাকেই অন্যতম কারণ মনে করেন মুমিনুল হক। বিভিন্ন সময়, বিভিন্ন সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন বাঁহাতি এই বাংলাদেশি ব্যাটার।

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) ইস্ট জোনের হয়ে খেলছেন মুমিনুল। প্রথম ম্যাচেই ব্যাট হেসেছে তার। খেলেছেন ৮২ বলে ৮৩ রানের ইনিংস। তবে দলকে জেতাতে পারেননি। নর্থ জোনের দেয়া ৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইস্ট জোন থামে ২৮১ রানে।

হারের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল জানিয়েছেন প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা। তবে সাদমান ইসলাম ও তার মতো ক্রিকেটার যারা বিপিএলের মতো টুর্নামেন্টেও খেলার সুযোগ পান না। তাদের দেখে কেউ আর টেস্ট ক্রিকেটার হতে চাইবেন না বলে দাবি মুমিনুলের।

তিনি বলেন, 'আপনি সারাদিন লাল বলের জন্য তৈরি করেন, লাল বলের জন্য একটা খারাপ উদাহরণ হবে। আপনারা সবাই বলেন যে সবার একটা স্বপ্ন থাকে টেস্ট খেলার। ওই টেস্ট খেলার স্বপ্ন কারো থাকবে না তখন। কারণ ও তো দেখছে ওর সামনে সাদমান নামের একটা প্লেয়ার অথবা মুমিনুল নামের একটা প্লেয়ার আছে যারা শুধু লাল বল খেলে তাও পাঁচ মাস পর। আর সাদা বলে এখানে কোনো টুর্নামেন্টে অথবা বিপিএল হোক কোনো জায়গায় সে খেলতে পারে না।'

এমন অবস্থা চলতে থাকলে টেস্ট ক্রিকেটার হওয়াই উচিত না মনে করেন মুমিনুল। তিনি যোগ করেন, 'আমি তো বলব বাংলাদেশে কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা গেলে টেস্ট প্লেয়ার হওয়া উচিত না। কারণ কী আপনি কোনো সাদা বলে কোনো গেম খেলতে পারছেন না। তো আমার কাছে এটা একটা খারাপ উদাহরণ।'

দীর্ঘ বিরতির পর আবারও বগুড়ায় মাঠে গড়িয়েছে প্রতিযোগীতামূলক ক্রিকেট। বিশেষ করে বগুড়ার উইকেট বরাবরই রান বান্ধব। বিসিএলে প্রথম ম্যাচেও হয়েছে তাই। প্রথম ম্যাচেই দুই দল ৬০০ এর বেশি রান করেছে। দিন শেষে ইনিংস বড় করতে না পারা নিয়ে আক্ষেপ করেছেন মুমিনুল।

তিনি বলেন, 'বগুড়ার উইকেট আপনারা সবাই জানেন বগুড়া সবসময় হাই স্কোরিং উইকেট হয়। ব্যাটসম্যানদের ফেভারে অনেক থাকে। আমার কাছে মনে হয় যে আমি যে ৮৩ রান করলাম ওটা যথেষ্ঠ ছিল না। আমি এটলিস্ট ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো খেলাটা আরও ক্লোজ হতো। আমি যে জায়গায় আউট হয়েছি ওই ডিসিশনটা একটু ভুল নিয়ে নিয়েছি।'

আরো পড়ুন: