২০২৪ সালের আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তৎকালীন সরকারের সংসদ সদস্য হওয়ায় বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
যার ফলশ্রুতিতে চাইলেও দেশে ফিরতে পারেননি তিনি। এমনকি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা থাকলেও তার সেই আশা পূরণ হয়নি।
একবার ফেরার প্রক্রিয়া শুরু হলেও মিরপুরে ছাত্র-জনতার বিক্ষোভের কারণে সাকিবকে সবুজ সংকেত দেয়নি সরকার। সবশেষ কয়েক মাসে প্রায়শই বিসিবি কর্তাদের কাছে তারকা অলরাউন্ডারকে নিয়ে জানতে চাওয়া হয়েছে। বেশিরভাগ সময়ই কৌশলে উত্তর দিয়ে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
সবসময় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে বিসিবি। যদিও হুট করেই সাকিবকে নিয়ে অবস্থান বদলেছেন বিসিবি পরিচালকরা। এবার নতুন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রীও সাকিবের পক্ষেই মতামত দিয়েছেন।
তিনি বলেন, 'সাকিব-মাশরাফিরা অবশ্যই কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু এই ব্যাপারগুলো রাষ্ট্রীয়। আমি চাই মামলাগুলো শেষ করে তারা দ্রুত খেলায় ফিরে আসুক।'
'আমরা চাই সাকিব-মাশরাফিরা ক্রিকেটে ফিরে আসুক। যেসব মামলা তাদের নামে আছে রাষ্ট্রীয়ভাবে সেসবের সমাধান হোক, এটা আমরা চাই। আমরা অত্যন্ত সহনশীল এবং নমনীয়ভাবে তাদের এই বিষয়গুলোর সমাধান করতে চাই।'
এদিকে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। যার ফলে টাইগারদের সরিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আইসিসি।
এ নিয়ে আমিনুল বলেন, 'ক্রিকেটে আমাদের যে ইস্যু হয়েছে সম্প্রতি, বিশ্বকাপ খেলার ব্যাপারে কূটনৈতিক কারণে (খেলা হয়নি বিশ্বকাপে)। একে অপরের সঙ্গে আলোচনা করে যদি সমাধান করতে পারতাম, তাহলে আমাদের দল হয়তো বিশ্বকাপ খেলত।'
এদিকে কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক একজন সাবেক ক্রিকেটারের নামে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন। এসবের কড়া সমালোচনা করেন আমিনুল। সবাইকে জবাবদিহিতায় আনার কথা বলেন তিনি।
আমিনুল বলেন, 'প্রতিটা সেক্টরকে আমরা জবাবদিহিতার মধ্যে আনব। কেউ চাইলেই আমাদের ক্রিকেটারদের ইমেজ নষ্ট না করতে পারে, সেদিকে আমরা নজর রাখব।'
এদিকে ক্রিকেট সাংবাদিকদের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশে যে নিষেধাজ্ঞা সেটিও তুলে দেন সাবেক এই ফুটবলার, 'সাংবাদিকরা খেলার প্রাণ। সিইওকে আমি বলে দিচ্ছি। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন এবং কাজ করবেন। এখানে কোনো বাধা নেই।'