শেষবারের ওয়ানডেতে লিটন হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ১৪ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই তার।
এ সময়ে সর্বোচ্চ ৪৫ রানের খেলেছেন লিটন। এক অঙ্কের ঘরে রান করেছেন বা আউট হয়েছেন ৯ বার। রানের খাতা খুলতে পারেননি চারটি ইনিংসে। ওয়ানডেতে তার ফর্মের বাজে অবস্থা থাকলেও টি-টোয়েন্টি এবং টেস্টে বেশ সাবলীল লিটন।
টি-টোয়েন্টি শেষবারের ইনিংসে আয়ারল্যান্ড বিপক্ষে সেঞ্চুরি পান এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক। আর শেষবার খেলা টেস্ট সিরিজেও একই দলের বিপক্ষে করেছেন হাফ সেঞ্চুরি।
খুব ধারাবাহিক না হলেও গত কয়েকবছর নিয়মিতই টেস্ট এবং টি-টোয়েন্টিতে রান করেছেন লিটন। ওয়ানডে অধিনায়ক শান্তর কাছে এই বিষয়টিই স্বস্তিদায়ক।
শান্ত বলেন, 'লিটন দাস যেভাবে ওয়ানডে, টি-টুয়েন্টি ফরম্যাটটা খেলছে শেষ কিছুদিন এবং টেস্টে নিয়মিত পারফর্মার। তাই আমার মনে হয় না যে ওয়ানডে ফরম্যাট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। খুব ভালো শেপে (ছন্দে) আছে। এবং আমি ক্যাপ্টেন হিসেবে একদমই চিন্তিত নয় যে লিটন ভালো অবস্থানে নেই এই ফরম্যাটে।'
'কারণ আপনি যদি সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টির ব্যাটিং দেখেন দারুণ ব্যাটিং করছে লিটন। তাই আমি আশাবাদী যে ও দলের জন্য ভালো কিছু করবে এবং আমার মনে হয় যে ওই ধরনের ম্যাচিউরিটি তার অবশ্যই আছে। ওই অভিজ্ঞতাটাও আমাদের দলকে খুব ভালোভাবে সাহায্য করবে।'