তাদের দুজনের ৬৯ রানের জুটিতে১৩৪ রানের পুঁজি পায় ভারতের মেয়েরা। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। বলার মতো কেউ কিছু করতে না পারায় মাত্র ৮৮ রানে অল আউট হন ফাহিমারা। ব্যাটিং ব্যর্থতায় ৪৬ রানে হেরে হৃদয় ভেঙেছে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশকে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের চ্যাস্পিয়ন ভারত ‘এ’ দল।
ব্যাংককে রান তাড়ায় ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন ইশমা তানজিম। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আউট হয়েছেন শামীমা সুলতানাও। ১৫ বলে ২০ রান করেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। লম্বা সময় টিকলেও বড় রান করতে পারেননি শারমিন সুলতানা। ৩০ বলে ১৮ রান করে আউট হয়েছেন রাধার বলে। ১০ রান এসেছে সাদিয়ার ব্যাট থেকে। অধিনায়ক ফাহিমা করেছেন ১৪ রান। বাকিদের কেউ দাঁড়াতে না পারায় ৮৮ রানে অল আউট হয় বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দা ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই হঠাৎ ছন্দ হারায় ভারত ‘এ’ দল। বাঁহাতি স্পিনার ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার এক ওভার পরই আবারও উইকেট হারায় ভারত। ফারজানা ইয়াসমিনের বলে রান আউট হয়ে ফেরেন নন্দিনী। একই ওভারে আউট হয়েছেন মিন্নু মানি।
৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। একটু পর ফাহিমার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন আনুশকা শর্মা। শেষ পর্যন্ত তেজাল ও রাধা মিলে ভারতকে লড়াইয়ে পুঁজি এনে দেন। ৩০ বলে ৩৬ রান করে রাধা আউট হলে ভাঙে ৬৯ রানের জুটি। তবে অন্য প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তেজাল। ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন ফাহিমা।