জ্যোতির হাফ সেঞ্চুরি ও রিতুর ৪ উইকেট, জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম দুই ম্যাচের মতো এবারও বাংলাদেশকে টানলেন নিগার সুলতানা জ্যোতি। ত্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরে পাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করলেন টানা দুই ম্যাচেই। জ্যোতির পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সঙ্গে সোবহানা মোস্তারির ৩৯ ও স্বর্ণা আক্তারের ২০ রানের ইনিংসে দেড়শ ছাড়ানো পুঁজি পায় সফরকারীরা। পরবর্তীতে মারুফা আক্তার, রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলার দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জ্যোতি-সোবহানাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এডিনবার্গে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ঝড় তোলার চেষ্টা করা দিলারা আক্তার দোলা। দুই চার ও এক ছক্কায় ১০ বলে ১৫ রান করে ফিরতে হয় ডানহাতি ওপেনারকে। পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

শারমিন আক্তার সুপ্তার জায়গায় তিনে সুযোগ মেলে তাজ নেহারের। যদিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। ৩ বলে করেছেন মাত্র ৪ রান। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জ্যোতি ও সোবহানা। তারা দুজনে মিলে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন। তাদের দুজনের ৭৭ রানের জমে জুটি ভেঙেছে সোবহানার বিদায়ে।

এক ছক্কা ও ৫ চারে ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলে ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ক্যাথরিন ফ্রেজারের বলে। দারুণ ব্যাটিংয়ে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। আগের ম্যাচেও খেলেছেন ৭৭ রানের ইনিংস। পঞ্চাশ ছোঁয়ার পর ৪৭ বলে ৫৮ রান করে ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে। স্বর্ণা ২৩ বলে ২০ রান করলে শেষ পর্যন্ত ১৫২ রানের পুঁজি পায় সফরকারীরা।

রান তাড়ায় সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। সারাহ ব্রাইস ৪০ রান করলেও স্কটিশদের থামতে হয়েছে মাত্র ১১৮ রানে। এ ছাড়া ক্যাথরিন ব্রাইস ২১, প্রিয়ানাজ চ্যাটার্জি ১৮ ও অ্যালিসা লিস্টার করেছেন ১৬ রান। বাংলাদেশের হয়ে চারটি উইকেট পেয়েছেন রিতু। এ ছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মারুফা ও সানজিদা। রাবেয়া খান ও সোবহানার শিকার একটি করে উইকেট।

আরো পড়ুন: