জম্মু–কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আকিব।১২.৫৬ গড়ে ৬০ উইকেট নিয়ে সবার উপরে ছিলেন তিনি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন। এ ছাড়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ডানহাতি পেসারের শিকার ছিল ৭ ম্যাচে ১৫ উইকেট। এমন পারফরম্যান্সের পর আইপিএলে দল পাননি তিনি। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি আকিব।
পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেলেও উইকেটের দেখা মেলেনি একটিতেও। ধারণা করা হচ্ছিল, রঞ্জি ট্রফির পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাবেন আকিব। তবে ডানহাতি পেসারকে রাখেননি নির্বাচকরা। প্রসিধ কৃষ্ণার সঙ্গে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও গুরনর ব্রার।
যদিও নেট বোলার হিসেবে আকিবকে দলের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। আকিবের পাশাপাশি সুযোগ মিলেছে প্রিন্সেরও। আইপিএলের সবশেষ আসরে বাজিমাত করেছেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এমন পারফরম্যান্সে ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স।
আকিব ও প্রিন্সের সঙ্গে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন গুরজাপনীত সিং, শিভাং কুমার, সারানশ জৈন এবং জিসান আনসারী। আগামী ৬ জুন নিউ চন্ডিগড়ে শুরু হবে একমাত্র টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে।