জ্যোতির উন্নতি, ১৫ ধাপ এগোলেন ফারিহা

আইসিসি র‍্যাঙ্কিং
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরের মাঠে সবশেষ টি–টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। সাম্প্রতিক সময়ে নিয়মিত রান না পাওয়ায় বাংলাদেশের অধিনায়কের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। তবে বিশ্বকাপে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজে রানের দেখা পেয়েছেন জ্যোতি। দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।

স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেছিলেন জ্যোতি। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ৭৭ রান। দুই ম্যাচে ১২৩ রান করে আইসিসির নারী ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি। ৪ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ২ ম্যাচে ৩০ রান করে এক ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি। বর্তমানে ৪৬ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার।

প্রথম ম্যাচে ক্যামিও ইনিংস খেলা স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তারের অবনতি হয়েছে। ৯ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন সুপ্তা। আগের মতোই ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল।

স্কটল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। এমন পারফরম্যান্সে মেয়েদের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন ফারিহা। বর্তমানে ৬২ নম্বরে আছেন তিনি।

টানা দুই ম্যাচে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন মারুফা আক্তার। বাংলাদেশের তরুণ সেনসেশন ৭৪ নম্বরে উঠেছেন। এক ধাপ এগিয়েছেন স্বর্ণা। তবে বোলারদের মধ্যে অবনতি হয়েছে রিতু মনি, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলার। বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো সবার উপরে আছেন রাবেয়া খান। ডানহাতি স্পিনার আছেন ১৭ নম্বরে।

আরো পড়ুন: