বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদার‌ল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিররা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন রুবাবা দৌলা।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বেশ কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন ক্যাম্পের ভরসা করেই ভারত বিশ্বকাপ খেলতে হয়েছে তাদের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে এমন কিছু ঘটছে না। কদিন আগে নেপালে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব জিতে ইংল্যান্ডের টিকিট পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে ব্যস্ত সময় পার করতে হবে জ্যোতিদের।

আগামী ৪ এপ্রিল থেকে পর্দা উঠছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তিন দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ এপ্রিল। বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা সিরিজ শেষে মে মাসের শেষের দিকে কিংবা জুনের প্রথম সপ্তাহে স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজটি নিশ্চিত করে রুবাবা বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন নেদারল্যান্ডস, ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং শেষে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। জ্যোতি-সোবহানারা সেই ম্যাচটি খেলবেন লর্ডসে।

আরো পড়ুন: