গত সপ্তাহে বিবিসি এক প্রতিবেদনে জানায়, আট দলের এই টুর্নামেন্টে চারটি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ ও সানরাইজার্স লিডস আগামী মাসের নিলামে পাকিস্তানি খেলোয়াড়দের বিবেচনায় নিচ্ছে না। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে আলাদা করে কোনো মন্তব্য আসেনি।
নিলামের জন্য নাম জমা দিয়েছেন মোট ৬৭ জন পাকিস্তানি ক্রিকেটার। এদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ৪ জন নারী। এই প্রেক্ষাপটে এক বিবৃতিতে ইসিবি বলেছে, 'দ্য হান্ড্রেড এমন একটি প্রতিযোগিতা, যা সবার জন্য উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বাগতপূর্ণ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আটটি দলই নিশ্চিত করছে যে নির্বাচন হবে কেবল ক্রিকেটীয় পারফরম্যান্স, প্রাপ্যতা এবং দলের প্রয়োজনের ভিত্তিতে। অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট নয়, মাঠের পারফরম্যান্সই হবে মূল বিবেচ্য।'
২০০৯ সালের পর থেকে কূটনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেননি। সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলের একাধিক মালিক বিভিন্ন দেশের লিগে দল কিনেছেন, ফলে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। গুঞ্জন নিয়ে ইসিবির হস্তক্ষেপ চেয়ে কথা বলেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তার ভাষায়, 'লিগটির মালিক তারাই। এ ধরনের কিছু হতে দেওয়া উচিত নয়। ইংল্যান্ডে ক্রিকেটকে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলা বানানোর যে লক্ষ্য, তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।'