এরপরই নতুন নির্বাচক খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের কাছে আবেদনের কথা স্বীকার করেছেন ওয়াসিম। সম্প্রতি তিনি কথা বলেছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে। তিনি তাদের বলেছেন, ‘হ্যাঁ, আমি এই পদের জন্য আবেদন করেছি।’
ভারতের হয়ে মাত্র ৩১টি টেস্টেই থেমে গিয়েছিল ওয়াসিম জাফরের ক্যারিয়ার। ব্যাট হাতে পাঁচ সেঞ্চুরিতে ১ হাজার ৯৪৪ রান করেছিলেন তিনি। ডাবল সেঞ্চুরি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ২০০০ সালে অভিষেক হওয়া জাফর সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০০৮ সাল পর্যন্ত।
এর বাইরে ভারতের হয়ে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে অবশ্য কিংবদন্তিতুল্য ধরা হয় জাফরকে। তিনি রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। এমনকি এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০ ম্যাচে ১৯ হাজার ৪১০ রান করেছেন জাফর। ৫০-এর বেশি গড়ে রান করার পাশাপাশি সেঞ্চুরি করেছেন ৫৭টি। সাম্প্রতিক সময়ে ভারতের নির্বাচক হওয়ার জন্য আবেদন করা ক্রিকেটারদের মধ্যে জাফরই সবচেয়ে অভিজ্ঞ। বিশেষ করে টেস্ট খেলার দিক দিয়ে।
প্রধান নির্বাচক বেছে নেয়ার দায়িত্বে আছেন অশোক মালহোত্রা ও যতীন পারাঞ্জপে। বর্তমানে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রজ্ঞান ওঝা। তিনি ভারতের হয়ে টেস্ট খেলেছেন ২৪টি।
জাফরের চেয়ে সাতটি টেস্ট কম খেলেছেন তিনি। বর্তমানে বিসিসিআইয়ের নির্বাচক হিসেবে আরও রয়েছে আরপি সিং, অজয় রাত্রা ও শিবসুন্দর দাস। কদিন পরই নতুন নির্বাচক প্যানেলের হাতে দায়িত্ব তুলে দেয়ার কথা রয়েছে তাদের।