গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন সুথার। ভারতের সবশেষ তিন টেস্টে তার শিকার ২৩ উইকেট। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ছয় উইকেট নিয়ে গড়েছিলেন ভারতের হয়ে অভিষেকে বাঁহাতি স্পিনে সেরা বোলিংয়ের রেকর্ড।
এদিকে সুথার বাদ পড়ায় দলে জায়গা ফিরে পেয়েছেন পেসার আকাশ দীপ ও আনশুল কাম্বোজ। ইরানি কাপ এবং রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আকাশ। গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টারে টেস্ট অভিষেকের পর দলে ফিরেছেন কাম্বোজ। তাদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি।
তবে বুমরাহর মতো প্রসিধ ও পান্তের খেলাও ঘিরে রয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের নভেম্বরের পর টেস্ট না খেলা বুমরাহকে ঝুঁকি এড়াতে শ্রীলঙ্কা সফর থেকে সরিয়ে নেয়া হয়েছিল। প্রসিধের বাঁ হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়লেও পেশি ছিঁড়ে যায়নি। অন্যদিকে, ইরানি কাপে সুইপ শট খেলতে গিয়ে পাশের পেশিতে চোট পান পান্ত। এ কারণে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই প্রস্তুতি টেস্টেও খেলতে পারেননি তিনি।
স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবকে রাখা হয়েছে। পায়ের আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন সাই সুদর্শন। এদিকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমান গিল, শেষ দুই ম্যাচে অধিনায়ক থাকবেন শ্রেয়াস আইয়ার। শেষ দুই ওয়ানডের দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটার কুমার কুশাগ্র।
ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হবে ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর অকল্যান্ডে, শেষ হবে ১৫ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে।
ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইয়াশভি জয়সওয়াল, দেবদূত পাড়িকাল, ঋষভ পান্ত (ফিটনেস সাপেক্ষে), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, আনশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
প্রথম তিন ওয়ানডের ভারত স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিশান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা (ফিটনেস সাপেক্ষে) ও কুলদিপ যাদব।
শেষ দুই ওয়ানডের ভারত স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিশান, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদিপ সিং, কুমার কুশাগ্রা, মোহাম্মদ সিরাজ, ইয়াশ ঠাকুর ও কুলদিপ যাদব।