‘বাংলাদেশের ১১ জনই এক্স-ফ্যাক্টর’,প্রথম ম্যাচের আগে সতর্ক রাজা

ত্রিদেশীয় সিরিজ
সিকান্দার রাজা
সিকান্দার রাজা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ওঠানামা কম হয়নি। কখনো সিরিজ জয়, কখনো প্রত্যাশার চেয়ে খারাপ পারফরম্যান্সের পর এখন ধারাবাহিকতা খুঁজছে দলটি। নতুন কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন দাসের অধীনে সেই ধারাবাহিকতা ফেরানোর চেষ্টাও চলছে। এবার সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের জন্য নিজেদের নতুন করে প্রমাণের সুযোগ। সেই লড়াইয়ে নামার আগেই বাংলাদেশের উন্নতির প্রশংসা করলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

আগামীকাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টুর্নামেন্টে অন্য দল আফগানিস্তান, যারা দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলায় কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত। অন্যদিকে জিম্বাবুয়ে দল সেখানে পৌঁছেছে মাত্র দুই দিন আগে। তাই কন্ডিশনের বিচারে আফগানদের বাড়তি সুবিধা দেখছেন রাজা। তবে তার মতে, শিরোপার লড়াইয়ে তিন দলেরই সুযোগ রয়েছে, আর শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে মাঠের পারফরম্যান্স।

বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি নিয়ে সংবাদ সম্মেলনে রাজা বলেন, 'ফিল সিমন্সের অধীনে আমার মনে হয় বাংলাদেশ দল খুবই ভালো করছে। সম্প্রতি বাংলাদেশের ম্যাচগুলোর ফল দেখলে বুঝবেন তারা দিন দিন উন্নতি করছে এবং তাদের খেলার ধরনটাও দেখতে বেশ সুন্দর লাগছে। ফিল এবং নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। তাই আফগানিস্তান ও জিম্বাবুয়ের পাশাপাশি বাংলাদেশ এখানে থাকায় এই ওয়ানডে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর হবে বলে মনে করি।'

তবে প্রশংসা করলেও বাংলাদেশের বিপক্ষে নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে ঘিরে পরিকল্পনা সাজাতে চান না জিম্বাবুয়ে অধিনায়ক। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে একাদশের প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সে কারণে ব্যাটার ও বোলার দুই বিভাগেই বাংলাদেশকে নিয়ে আলাদা করে বিশ্লেষণ করতে হবে জিম্বাবুয়েকে।

রাজা বলেন, 'আগামীকাল বাংলাদেশের যে ১১ জন মাঠে নামবে, তাদের প্রত্যেকেই নিজ দলের জন্য এক্স-ফ্যাক্টর। জিম্বাবুয়ে দলের দৃষ্টিকোণ থেকে আমাদের ওদের ব্যাটার ও বোলার সবাইকেই খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেক ক্রিকেটারের মধ্যেই বিশেষ কিছু বা এক্স-ফ্যাক্টর থাকতে হয়, তাই আমার মতে ওদের ১১ জনই এক্স-ফ্যাক্টর।'

আবুধাবির উইকেট নিয়ে অবশ্য খুব বেশি দুশ্চিন্তা নেই তার। ব্যাটিং ও বোলিং দুই বিভাগের জন্যই ভালো সুযোগ থাকবে বলে মনে করেন রাজা। তাই টস কিংবা উইকেটের চেয়ে নির্দিষ্ট দিনে কোন দল নিজেদের পরিকল্পনা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

রাজা বলেন, 'আবুধাবির উইকেট ব্যাটিং ও বোলিং উভয়ের জন্যই বেশ ভালো, আর এখানকার ফিল্ডিংয়ের পরিবেশও দুর্দান্ত। তাই আমার মনে হয় না যে এই ম্যাচে উইকেট বা টস বড় কোনো প্রভাব ফেলবে। যে দল নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলবে, তারাই জয়ী হবে।'

কন্ডিশনের প্রশ্নে আফগানিস্তানকে এগিয়ে রাখলেও রাজা এককভাবে কাউকে ফেভারিট মানছেন না। রাজা বলেন, 'আফগানিস্তান এই কন্ডিশনে প্রচুর ক্রিকেট খেলেছে। আমরা মাত্র দুই দিন আগে এসেছি, আজ আমাদের দ্বিতীয় অনুশীলন সেশন ছিল। তবে কে ফেভারিট, সেটা বড় কথা নয়; যে দল ভালো ক্রিকেট খেলবে, তাদের জয়ের ভালো সুযোগ থাকবে। আমার মনে হয় তিন দলেরই এই টুর্নামেন্ট জেতার বেশ ভালো সুযোগ রয়েছে।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই সেই আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে হবে রাজাদের। বাংলাদেশের লক্ষ্য নতুন নেতৃত্বের অধীনে নিজেদের উন্নতির ছাপ মাঠে দেখানো, আর জিম্বাবুয়ের চাওয়া জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।

আরো পড়ুন: