সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন গ্রিন। কর্বিন বশের ফুলটস ডেলিভারি ডানহাতি ব্যাটারের এবডোমিনাল গার্ডে আঘাত করে। প্রাথমিক চিকিৎসার পর ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বশের পরের বলে ছক্কাও মারেন।
যদিও টিকতে পারেননি গ্রিন। এরপর পুল করতে গিয়ে বল গ্লাভসে লাগায় ক্যাচ দেন কুইন্টন ডি কককে। সেই চোটে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেননি অজি অলরাউন্ডার। এমনকি ডারবানে ২১৪ রানে জয় পাওয়ার ম্যাচেও ছিলেন না। চোট পাওয়ার পর দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং অনুশীলন করেন গ্রিন।
হালকা থ্রো-ডাউনের বিপক্ষে ব্যাটিং করলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। কিছুক্ষণ স্লিপ ক্যাচের অনুশীলনও করেন। তবুও তাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ম্যাথু ওয়েড জানিয়েছেন, গ্রিন তৃতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
তিনি বলেন, ‘আজকে সে এখানে আছে, তার সেরে ওঠার প্রক্রিয়া সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আগামী সপ্তাহ ধরে সে ব্যাটিং অনুশীলন করবে…আমার মনে হয়, সে তৃতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সে অনুশীলন শুরু করেছে, এটাই ইতিবাচক দিক।’
চোট নিয়ে সাউথ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছিলেন জশ ইংলিস। যদিও চোট কাটিয়ে আবারও সাউথ আফ্রিকায় ফিরেছেন তিনি। এমনকি দলের সঙ্গেও যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। তবে গেবেখা টেস্টের একাদশে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।