আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ২৩ অক্টোবর হবে ফাইনাল। বাংলাদেশের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে, ১৭ অক্টোবর আবুধাবিতে। এরপর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। তিন দলের এই লড়াইয়ে ফাইনালে ওঠার পাশাপাশি নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এই টুর্নামেন্টে ভালো করার তাগিদটা আরও বেশি।
মোসাদ্দেকের কাছে তাই ২০১৯ সালের আয়ারল্যান্ড সফর কেবল অতীতের সুখস্মৃতি নয়, সামনের পথচলার অনুপ্রেরণাও। তিনি বলেন, '২০১৯-এর ত্রিদেশীয় সিরিজ একটা অনুপ্রেরণা। তো সেই জায়গা থেকে একটা ভালো সুযোগ সামনের ত্রিদেশীয় সিরিজ, সামনে এশিয়া কাপ। তো তারপরে বিশ্বকাপ। তো এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয় যে দল হিসেবে আমরা খুবই আত্মবিশ্বাসী হব এখান থেকে।'
২০১৯ সালের সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৈকতের ব্যাটেই এসেছিল শিরোপা জেতানো ইনিংস। ডাবলিনের মালাহাইডে বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ২১০ রান। সেই রান তাড়ায় মাত্র ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন মোসাদ্দেক। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা। শেষ পর্যন্ত সাত বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবারের চ্যালেঞ্জ অবশ্য ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দলের সঙ্গে পরে যোগ দেওয়া ক্রিকেটারদের জন্য বিষয়টি আরও প্রাসঙ্গিক। সৈকত বলেন, 'আমাদের দেশের থেকে এখানে একটু গরম বেশি। গতকালকের থেকে আজকের আবহাওয়াটা একটু বেশি উত্তপ্ত। তো সেই জায়গা থেকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা যারা পরে এসেছি। আমার কাছে মনে হয় আজকে এবং কালকের অনুশীলনটা আমাদেরকে মানে সেই আমরা মানিয়ে নিতে পারব এখানে, প্রথম ম্যাচের জন্য।'
নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্ব নিয়েও আশাবাদী মোসাদ্দেক। উইকেটের পেছনে থেকে লিটন যেভাবে খেলা পর্যবেক্ষণ করেন, সেটিকে অধিনায়ক হিসেবে তাঁর বড় শক্তি মনে করেন এই অলরাউন্ডার। সৈকত বলেন, 'লিটনকে তো আমরা অনেক দিন থেকেই চিনি, খুবই রোমাঞ্চকর অধিনায়ক এবং ওর উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে করে ও খেলাটা বুঝতে পারে, আমার কাছে মনে হয় সেটা চমৎকার।'
আফগানিস্তানের কাছে ঠিক এক বছর আগে ওয়ানডে সিরিজে এই আরব আমিরাতের মাটিতেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তাই এই ত্রিদেশীয় সিরিজ যে সহজ হবে না তা জানেন মোসাদ্দেকও, 'আধুনিক ক্রিকেটে আপনি কোনো দেশকেই বা কোনো দলকেই ছোট দল বলতে পারবেন না। সাম্প্রতিক সময়ে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ভালো করছে। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে কত ভালো আমরা করতে পারি।'