সাউথ আফ্রিকা সফরে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন সাইফউদ্দিন। পরবর্তীতে সেই চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে যান তিনি। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তারকা অলরাউন্ডার।
জানা গেছে, চোট থেকে সেরে ওঠার পথেই রয়েছেন তিনি। এরই মধ্যে সাইফউদ্দিনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পোখারা। ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মৌখিকভাবে আলোচনা অনেকটা এগিয়ে থাকলেও বিসিবির এনওসির জন্য অপেক্ষা করতে হচ্ছে সাইফউদ্দিনকে।
কয়েক দিনের মধ্যে ফিটনেস পরীক্ষা দেবেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার। সেই ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে এনপিএল খেলার জন্য এনওসি পাবেন সাইফউদ্দিন। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিশ্বস্ত একটি সূত্র। এদিকে একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান।
বাংলাদেশের সাবেক অধিনায়ককে আগেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া ক্রিকেটে বাজিমাত করেছেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশের রহস্যময় স্পিনার খেলবেন পোখারার হয়ে। সাকিব, রুবেল ও সাইফউদ্দিনের বাইরে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এনপিএলে দেখা যাবে।
বিরাটনগর কিংসের হয়ে খেলবেন জিসান আলম। আকবর আলী ও আরিফুল ইসলামকে দেখা যাবে কর্নালি ইয়াকসের জার্সিতে। আগামী ১৭ নভেম্বর পর্দা উঠবে এনপিএলের। ফাইনাল হবে ১৩ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।