সাদা বলের ক্রিকেট খেলতে কিছুদিন আগে ইংল্যান্ড সফর করেছে শ্রীলঙ্কা। সেই সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন নিশাঙ্কা। তবে ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। যদিও সেটা ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার শর্তে। তবে চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নিশাঙ্কা।
ডানহাতি ওপেনারের বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উদারা। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি টেস্ট এবং সাতটি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি। পাকিস্তান সফরের টেস্ট দল থেকে বাদ পড়া খানিকটা বিতর্কিত ছিল। ৩২ বছর বয়সী ব্যাটার গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন।
যদিও সেই ইনিংসের পরের পাঁচ ইনিংসে ত্রিশ পার করতে পারেননি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫৫ বলে ৯১ রানের ইনিংস খেলেছিলেন। এমন পারফরম্যান্সের পর ওয়ানডে দলেও ডাক পেলেন উদারা। এখনো পর্যন্ত ৯১ লিস্ট ‘এ’ ম্যাচে ৮৫.৯৭ স্ট্রাইক রেট ও ৩২.০৯ গড়ে রান করেছেন।
নিশাঙ্কা ছিটকে যাওয়ার বড় ক্ষতির মুখেই শ্রীলঙ্কা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ওয়ানডেতে এখনো পর্যন্ত নিশাঙ্কার চেয়ে বেশি ১ হাজার ৩২৪ রান করেছেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে না থাকলেও টেস্ট সিরিজ দিয়ে ফিরতে পারেন নিশাঙ্কা। যা শুরু হবে ৯ নভেম্বর থেকে।