ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করে আইয়ার জানান, পরিকল্পনা অনুযায়ী বোলিং করাই জয়ের মূল চাবিকাঠি। তার মতে, দলের প্রত্যেক বোলার নিজের দায়িত্ব বুঝে মাঠে নেমেছিলেন। চাপের মুখেও তারা চ্যালেঞ্জ নিতে পেরেছেন। তবে ব্যাটিংয়ে একের পর এক উইকেট হারানোর ঘটনা যে তাকে চিন্তায় ফেলেছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক।
আইয়ার বলেন, 'বোলারদের আত্মবিশ্বাস ছিল। ওরা জানত, কী করতে হবে। যে পরিকল্পনা করে নেমেছিল, তা বাস্তবে করে দেখিয়েছে। যার হাতেই বল তুলে দিয়েছি সে-ই চ্যালেঞ্জ নিয়েছে। এটাই তো চাই।'
ভারতের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। অভিষেক শর্মা ও ইশান কিশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় রানের সম্ভাবনা তৈরি হয়েছিল। দু’জনের প্রশংসা করে আইয়ার বলেন, 'সত্যি বলতে, ওরা দুর্দান্ত শুরু করেছিল। অভিষেক পাওয়ার প্লেতে যা করে, সেটাই করেছে। ইশানও দলে ফেরার পর থেকে গত কয়েক মাসে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছে।'
তবে দ্রুত রান তোলার পরও ভারতের ইনিংসে ছন্দপতন ঘটে। অল্প সময়ের মধ্যে চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। যে পরিস্থিতিতে ভারত আড়াইশ রানের গণ্ডি পেরোতে পারে বলে মনে হচ্ছিল, সেখান থেকেই ম্যাচে ফেরার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ়। পর পর উইকেট হারানোর এই প্রবণতাকেই দলের বড় দুর্বলতা হিসেবে দেখছেন আইয়ার।
ভারত অধিনায়ক সতীর্থদের সতর্ক করে বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ়কে হালকা ভাবে নিলে হবে না। আমাদের ভাবতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হয়। এই সব মাঠে প্রচুর রান হয়। কিন্তু যে ভাবে আমরা পর পর উইকেট হারিয়েছি, তা চিন্তার কারণ। প্রতি ম্যাচে তো আর এক বা দু’জন বাঁচাবে না। সকলকে ভালো খেলতে হবে।'