তবে এই সাফল্যের নেপথ্যে ছিল ক্লান্তি। জাপান সফর থেকে দেশে ফিরে খুব বেশি সময় বিশ্রামের সুযোগ পাননি আইয়াররা। সেই ক্লান্তি নিয়েই মাঠে নেমে দলকে জেতানোয় ম্যাচ শেষে সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক।
পুরস্কার নিতে এসে আইয়ার বলেন, 'অবশেষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান করলাম। খেলা শেষ হওয়ার পর সেটাই ভাবছিলাম। বলতে পারেন, আরও একটা স্বপ্ন সফল হল। তবে খুব ক্লান্ত লাগছে। টানা সফরের ক্লান্তি রয়েছে। ঘুম পাচ্ছে। আমার আর অক্ষরের তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে।'
দেশে ফিরে দলের বেশির ভাগ ক্রিকেটারই পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি বলে জানান আইয়ার। তিনি বলেন, 'দেশে ফিরে থিতু হতে পারিনি আমরা। দলের প্রায় সকলেই ক্লান্ত। তার মধ্যেই ম্যাচটা খেলতে হল। তা-ও সকলে যে ভাবে খেলেছে, তাতে আমি খুশি। আমরা এ ভাবেই ক্রিকেটটা খেলতে চাই। ম্যাচটা আমি শেষ করতে পেরেছি। এই জয়ের স্বাদ তাই আমার কাছে অন্যরকম।'
ক্লান্তি থাকলেও দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছে ভারত। আইয়ারের মতে, শুরুতে বল করার সিদ্ধান্তও দলকে কিছুটা সুবিধা দিয়েছে। আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৭১ রান। জবাবে চারে নেমে ৪৩ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারত অধিনায়ক।
আইয়ার বলেন, 'ক্লান্ত থাকলেও আমরা দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। প্রথমে বল করায় কিছুটা সুবিধা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলার একটা আলাদা উত্তেজনা রয়েছে। আমরা সেটা উপভোগ করতে চেয়েছিলাম।'
আইয়ার মনে করেন, এই ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত। তার ভাষায়, 'আমার মনে হয়, আমরা যদি এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি, তা হলে আরও বিধ্বংসী দল হয়ে উঠতে পারব।'
এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন নমন ধীর। অফ স্পিনার হিসেবে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তরুণ সতীর্থের প্রশংসা করে আইয়ার বলেন, 'নমন দুর্দান্ত ক্রিকেটার। ওর মানসিকতা আমার খুব ভাল লাগে। দুর্দান্ত প্রতিভা।'