রবিবার থিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আট উইকেটে জয় পায় ভারত। সফরকারীদের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য টপকাতে কোহলি অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন। ওয়ানডেতে এটি তার ৫৫তম শতক। অন্যদিকে গিল করেন ১১০ রান। দুজনের ১৫১ রানের জুটিতে সহজ জয় পায় ভারত।
ম্যাচ শেষে বিসিসিআই প্রকাশিত ভিডিওতে গিলের নেতৃত্ব নিয়ে কোহলি বলেন, 'শুভমান যখন দলে এসেছিল, তখন থেকেই ওকে চিনি। ওর সঙ্গে আমার সম্পর্কটা সবসময়ই খুব নিবিড় ও আনন্দের। এখন সে দল পরিচালনায়, আর আমি দীর্ঘদিন ওই জায়গায় ছিলাম। এখন আমি দলের সিনিয়র খেলোয়াড়।'
দলের পরিবেশ নিয়ে কোহলি আরও বলেন, 'সিনিয়র বা অধিনায়ক যখন মাঠে হেসেখেলে থাকে, বাকিরাও তখন স্বস্তি পায়। তারা বোঝে, চাপ নেওয়ার কিছু নেই। যতই চাপের মুহূর্ত আসুক না কেন, আমরা যদি একটু হাসাহাসি করি, তবে তরুণদের ওপর থেকে সব চাপ উবে যায়।'
মাঠের বাইরের পরিবেশও হালকা রাখার গুরুত্ব তুলে ধরে কোহলি বলেন, 'আমরা মাঠে নিজেদের দায়িত্ব সম্পর্কে শতভাগ পেশাদার, তবে বাইরে একদম হালকা মেজাজে থাকি। এমনকি খেলায় কী হবে, তা নিয়ে বাড়তি কথাও বলি না। কারণ অধিনায়ক জানে তাকে কী করতে হবে, আর আমি জানি আমার কাজ কী।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ইনিংসের পথে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রানের মালিক হয়েছেন তিনি।
এই মাইলফলকে পৌঁছাতে কোহলির লেগেছে ৩০৩ ইনিংস। এর আগে শচীন ৩৭৭ ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন। ফলে এই কীর্তিতে কোহলি ছাড়িয়ে গেছেন ভারতেরই কিংবদন্তি এই ব্যাটারকে।