বাবর-রিজওয়ানদের আফগানিস্তান লিগে খেলতে দেবে না পিসিবি

এপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের ক্রিকেটারদের আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আফগানিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের অংশ নেয়ার সুযোগ থাকছে না। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র।

সেই সূত্রের খবর, পাকিস্তান সরকার এবং পিসিবির যৌথ নির্দেশনায় দেশের বর্তমান ও সাবেক সকল ক্রিকেটারকে এই টুর্নামেন্ট থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আফগান লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটার ও অভিজ্ঞ কোচকে দলে নেওয়ার জন্য যোগাযোগ করলেও, বোর্ডের এই কঠোর অবস্থানের কারণে সব চুক্তি বাতিল হয়ে যায়।

মূলত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের জের ধরেই ক্রিকেট বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির প্রভাব সরাসরি মাঠের ক্রিকেটে এসে পড়েছে, যার ফলে খেলোয়াড়দের সেখানে যাওয়ার অনুমতি মেলেনি।

দীর্ঘ আট বছর বিরতির পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবারও তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চালুর ঘোষণা দিয়েছে। মোট পাঁচটি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টটি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানি ক্রিকেটারদের অনুপস্থিতি টুর্নামেন্টের উন্মাদনায় কিছুটা প্রভাব ফেললেও, আফগান বোর্ড বিশ্বের অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদের লিগে যুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। দ্রুতই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি এবং দলগুলোর খেলোয়াড় তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: