‘আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি’, কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে রোহিত

ভারতীয় ক্রিকেট
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ছবি
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুই দশকের সম্পর্ক। একসঙ্গে ভারতীয় ক্রিকেটের উত্থান-পতনের অসংখ্য মুহূর্তের সাক্ষী। সময়ের সঙ্গে বদলেছে দায়িত্ব, বদলেছে অধিনায়কও, তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির বন্ধুত্বে খুব একটা বদল আসেনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দীর্ঘদিনের সতীর্থ কোহলিকে নিয়ে সেই সম্পর্কের কথাই বললেন রোহিত।

২০০৭ সালে রোহিত ও ২০০৮ সালে কোহলির আন্তর্জাতিক অভিষেক। এরপর থেকে ভারতীয় দলের হয়ে প্রায় দুই দশক একসঙ্গে খেলেছেন তারা। ভিন্ন ধরনের ক্রিকেটার হলেও দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বেশ গভীর বলে জানিয়েছেন রোহিত।

জিওহটস্টারকে তিনি বলেন, 'আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব আছে। এই পর্যায়ে খেলতে কী প্রয়োজন, সেটা আমরা দুজনই বুঝি। আমাদের পদ্ধতি অবশ্যই আলাদা, আর সেটাই স্বাভাবিক। কারণ প্রত্যেক মানুষই আলাদা।'

তাদের বন্ধুত্বের শুরুটা অবশ্য এতটা পরিকল্পিত ছিল না। অস্ট্রেলিয়া সফরের সময় কিংবা দেশে ফেরার পর কোনো এক পর্যায়ে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। সেই সময়ের একটি মজার স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন রোহিত, 'আমরা একসঙ্গে ছিলাম। আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় খেলার সময় কিংবা সেখান থেকে ভারতে ফেরার পর থেকেই এটা শুরু। এখন টিভিতে ওই সময়ের কিছু দেখালে আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি।'

কোহলির ক্রিকেটীয় অবদান নিয়েও কোনো সংশয় নেই রোহিতের। নেতৃত্বের দায়িত্ব থাকুক বা না থাকুক, দলের হয়ে কোহলির লক্ষ্য একই- রান করা এবং ম্যাচ জেতানো। রোহিত বলেন, 'দলের জন্য সে কী করেছে, সেটা সবাই দেখেছে। সামনে থেকেও কিছু বদলাবে বলে মনে করি না। আমরা যে কোহলিকে চিনি, সে-ই থাকবে ভালোভাবে প্রস্তুতি নেবে, রান করতে চাইবে এবং ভারতের হয়ে ম্যাচ জিততে চাইবে।'

অধিনায়কত্বের পরিবর্তনও কোহলির মানসিকতায় কোনো প্রভাব ফেলেনি বলে মনে করেন রোহিত। কোহলি নিজে টেস্ট অধিনায়ক থাকার সময় যেমন ছিলেন, রোহিতের অধীনে খেললেও তার পদ্ধতি ছিল একই।

রোহিতের ভাষায়, 'সে যখন অধিনায়ক ছিল, তখনও প্রায় একই ছিল। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও প্রায় একই। তাই এখন কিছু বদলানোর কোনো কারণ দেখি না।'

কোহলি এরই মধ্যে জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপই হবে তার শেষ আইসিসি টুর্নামেন্ট। তবে বিশ্বকাপের মতো মঞ্চে কোহলিকে নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই বলেই মনে করেন রোহিত। ভারতের সাবেক অধিনায়ক বলেন, 'সে এত বছর ধরে খেলছে। ২০২৭ বিশ্বকাপ হোক কিংবা ২০২৩ তাকে এসব বোঝানোর প্রয়োজন নেই। বিশ্বকাপ তো বিশ্বকাপই।'

মাঠে দুজনের খেলার ধরন আলাদা হলেও দলের লক্ষ্য নিয়ে কোনো পার্থক্য নেই বলেই মনে করেন 'হিটম্যান' খ্যাত রোহিত। তিনি বলেন, 'মাঠে আমরা নিজেদের যেভাবে প্রকাশ করি, সেখানে পার্থক্য আছে। কিন্তু দলের জন্য আমাদের লক্ষ্য ও চিন্তা প্রায় একই ম্যাচ জিততে হবে, বিশ্বকাপ জিততে হবে, সিরিজ জিততে হবে এবং দলের জন্য ভালো করতে হবে। ভালো কিছু হলে দুজনের কাছ থেকেই একে অপরের জন্য প্রশংসা সবসময়ই ছিল।'

আরো পড়ুন: