২০২৭ বিশ্বকাপের সূচি উন্মোচনের দিনক্ষণ প্রকাশ করল আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশ দল, ফাইল ফটো
বাংলাদেশ দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফ্রিকা মহাদেশে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী ১ অক্টোবর সাউথ আফ্রিকার কেপটাউনে বিশ্বকাপের সূচি উন্মোচন করবে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা। সূচি প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন।

আগামী ২০২৭ সালের ২ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। সাউথ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। বাংলাদেশের জন্যও এবারের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পেয়েছে দলটি।

বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। ২০১৯ ও ২০২৩ সালের আসরে ১০টি দল অংশ নিলেও এবার বেড়েছে চারটি দল। আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে, আর বাকি চার দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

৩০ সেপ্টেম্বরের র‍্যাঙ্কিং অনুযায়ী সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বর্তমান অবস্থান অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি জায়গা পাচ্ছে। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলতে হবে।

১ অক্টোবর থেকেই বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধন শুরু হবে। তবে সেদিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকছে না। দর্শকদের জন্য টিকিটের ব্যালট চালু করবে আইসিসি, যেখানে নিবন্ধনের মাধ্যমে টিকিট পাওয়ার জন্য আবেদন করা যাবে।

বদল আসছে বিশ্বকাপের ফরম্যাটেও। ১৪ দল চূড়ান্ত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা তিন দলকে নিয়ে হবে সুপার সিরিজ। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলার পর সেখান থেকে শীর্ষ দল যাবে পরের ধাপে, বাকি দুই দল বিদায় নেবে।

এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপে ছয়টি করে দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপ মিলিয়ে সেরা আরও একটি দল- মোট সাত দল খেলবে সুপার সেভেন রাউন্ডে। সেখানে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলার পর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানের দলের বিপক্ষে, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানের দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে। দুই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপ হয়েছিল ভারতে, যেখানে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: