হার্দিককে ফেরাতে তাড়া নেই, নীতিশেই বেশি ভরসা ভারতের

ভারতীয় ক্রিকেট
হার্দিক পান্ডিয়া ও নীতিশ কুমার রেড্ডি, ফাইল ছবি
হার্দিক পান্ডিয়া ও নীতিশ কুমার রেড্ডি, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেলেও হার্দিক পান্ডিয়াকে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাইছে না ভারত। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডার বর্তমানে ১০ ওভার বোলিং করার মতো ফিট নন। তাই ধাপে ধাপে ম্যাচ খেলে ফিটনেস ফিরে পাওয়ার পরিকল্পনাই নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আইপিএলের পর খুব বেশি ক্রিকেট খেলেননি হার্দিক। সেই ঘাটতি পূরণে সম্প্রতি ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে সিরিজের দলে তাকে রাখা হয়েছে। সেই সিরিজে ম্যাচ খেলে ছন্দ ও ফিটনেস ফিরে পেলে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ মিলতে পারে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাই হার্দিককে দেখা যাচ্ছে না।

হার্দিকের ফেরা নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, 'হার্দিক এখন ১০ ওভার বোলিং করতে পারে না এবং আইপিএলের পরও খুব বেশি ক্রিকেট খেলেনি। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ঠেলে দিতে চান না তারা। ভারত ‘এ’-এর সিরিজ খেললে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। সবকিছু ঠিক থাকলে এরপর টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরতে পারবে।'

হার্দিকের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা ভারতের। এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ছয় উইকেট নিয়ে বল হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন নীতিশ।

নীতিশকে নিয়ে গম্ভীর বলেন, 'এক বছর পর সাউথ আফ্রিকায় বিশ্বকাপে সিম-বোলিং অলরাউন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। হার্দিক ফিরলে সে দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। এমনকি পরিস্থিতি অনুযায়ী হার্দিক ও নীতিশ দুজনকেই একাদশে খেলানো সম্ভব।'

মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর বোলিং করতে পারেন এমন ক্রিকেটার খুব বেশি নেই বলেও মনে করেন গম্ভীর। তাই বিশ্বকাপের আগে নীতীশকে ৫০ ওভারের ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে চায় ভারত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

আরো পড়ুন: