৭ পরিবর্তন পিসিবি করেছে, তারাই এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে: বাবর

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
বাবর আজম, ফাইল ফটো
বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এজবাস্টন টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছিল বাবর আজমের কাছে। লর্ডসে হারের পর একসঙ্গে সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে সাত নতুন ক্রিকেটারকে, যাঁদের পাঁচজনের এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

তবে এই বড় পরিবর্তনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন বাবর। তার দাবি, পিসিবির নেয়া সিদ্ধান্তের কথা তিনি অন্যদের মতোই পরে জেনেছেন। নতুন টেস্ট কোচ মাইক হেসন ও সহকারী কোচ অ্যাশলি নফকের অধীনে এজবাস্টন টেস্টের প্রস্তুতিতেই এখন মনোযোগ তার।

বাবর বলেন, ‘এটা আমার জন্যও খবর ছিল। পরে জানতে পেরেছি। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে। তাই তারাই বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটা তাদেরই জিজ্ঞাসা করা ভালো।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া করেছে পাকিস্তান। মাঠের ব্যর্থতার পাশাপাশি দল পরিচালনা নিয়েও চলছে সমালোচনা। এর মধ্যেই শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে পিসিবি। তবে এ বিষয়েও কোনো নতুন তথ্য নেই বাবরের কাছে। বরং অতীত ভুলে এজবাস্টনে তরুণদের নিয়ে নতুনভাবে শুরু করতে চান তিনি।

বাবর বলেন, ‘সিরিজ হেরে গেছি; কিন্তু আমাদের হারানোর আর কিছু নেই। আমাদের স্বাধীনভাবে খেলতে হবে এবং দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমরা কয়েক দিন অনুশীলন করেছি এবং নতুন ছেলেদের বিষয়গুলো বুঝিয়ে বলেছি। যে তরুণ খেলোয়াড়ই দলে আসে, রোমাঞ্চিত থাকে। সেই রোমাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি, ম্যাচেও সেটা দেখা যাবে।’

লর্ডসে ১৯৪ রানে হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ প্রথম দুই টেস্টে দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছিলেন। তবে বাবর সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার মতে, পিচ ও কন্ডিশন বিবেচনা করেই তখন একাদশকে সেরা মনে হয়েছিল, যদিও প্রত্যাশিত ফল আসেনি।

বাবর বলেন, ‘দল হিসেবে আমরা তিন বিভাগেই ভালো খেলতে পারিনি। ফল না এলে বাইরে থেকে অনেক সমালোচনা হবে। কিন্তু তখন আমরা যেটাকে ভালো মনে করেছি, সেটিই করেছি। পিচ ও কন্ডিশন যেভাবে বুঝেছি, সেই অনুযায়ী একাদশ বেছে নিয়েছি। তখন সেটাকেই সেরা সিদ্ধান্ত মনে হয়েছিল; কিন্তু আমরা প্রত্যাশিত ফল পাইনি। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাকে বেশি দায়িত্ব নিতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে এবং কঠিন কন্ডিশনে পারফর্ম করতে হবে।’

আরো পড়ুন: